ঘানার তান্ত্রিকের দাবি

হ্যারি কেইন এখন ‘কালো জাদু’ মুক্ত, গোল করবেন পরের ম্যাচে

বিশ্বকাপে হ্যারি কেইনের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন ইংলিশ স্ট্রাইকার। কিন্তু ঘানার বিপক্ষে ম্যাচে মুদ্রার উল্টোপিঠ দেখেন তিনি। গোল করা দূরের কথা, নিজের স্বাভাবিক খেলাটাও ঠিকঠাক খেলতে পারেননি। ইংল্যান্ডও ওই ম্যাচে জিততে পারেনি। ঘানার বিপক্ষে ম্যাচটিও গোলশূন্য ড্র-তে শেষ হয়।

ওই ম্যাচের পর থেকে হ্যারি কেইনের পারফরম্যান্স নিয়ে আলোচনা হতে থাকে। কারও কারও মতে, ছন্দ না পাওয়া কেইনের জন্য বাজে দিন ছিল সেটি। আবার অনেকের বিশ্বাস, ঘানার আলোচিত তান্ত্রিক নানা কওয়াকু বোনসামের ‘কালো জাদু’র প্রভাবে সেদিন ভালো খেলতে পারেননি কেইন।

তবে যে তান্ত্রিক কেইনের ওপর কালো জাদু করেছেন বলে দাবি করেছিলেন, তিনি এবার ঘোষণা দিয়েছেন, বায়ার্ন তারকার ওপর থেকে সব ধরনের জাদু তুলে নিয়েছেন। একই সঙ্গে তিনি এটাও ভবিষ্যদ্বাণী করেছেন, পানামার বিপক্ষে ইংল্যান্ডের পরের ম্যাচে গোলের দেখা পাবেন কেইন!

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এরইমধ্যে নকআউট নিশ্চিত করেছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ৩টায় পানামার মুখোমুখি হবে ইংলিশরা। এ ম্যাচের আগে ঘানার সেই বিখ্যাত তান্ত্রিক বলেছেন, ‘আমি পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি। এখন আমি হ্যারি কেইনের ওপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি, যাতে সে পরের ম্যাচে গোল করতে পারে।’

আগের ম্যাচে কেন হ্যারি কেইনের ওপর জাদু করেছিলেন, সেটার ব্যাখ্যায় বোনসাম বলেছেন, ‘হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। আমি শুধু আমার নিজ দেশের (ঘানা) উপকার করতে চেয়েছি।’

হ্যারি কেইনের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে ঘানার তান্ত্রিক আরও বলেছেন, ‘হ্যারি, আমি একদিন তোমার সঙ্গে দেখা করতে আসব। কিছু মনে কোরো না। আমরা বন্ধু।’