ডিআর কঙ্গোর সঙ্গে ড্র দিয়ে শুরু, পরের ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে হারালেও গ্রুপসেরা হতে আজ কলম্বিয়ার সঙ্গে জয়ের বিকল্প ছিল না পর্তুগালের। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ সুবিধা করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোরা। বরং কলম্বিয়ার বিপক্ষে কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে, এতেই বরং সন্তুষ্ট থাকতে পারেন পর্তুগিজরা।
মায়ামিতে ‘কে’ গ্রুপের শেষ রাউন্ডে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এ ড্রতে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে উঠেছে কলম্বিয়া। অন্যদিকে সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স আপ হয়ে শেষ ৩২-এ গেছে পর্তুগাল। আর এতে নকআউটের পথ কিছুটা কঠিন হয়েছে রোনালদোদের।
কে গ্রুপে রানার্সআপ হওয়ায় রাউন্ড অব থার্টি টু-তে ক্রোয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগাল। সেখানেই শেষ নয়, ক্রোয়েশিয়াকে হারাতে পারলে শেষ ষোলোতে রোনালদোদের প্রতিপক্ষ হতে পারে স্পেন!
অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এ ঘানাকে পেয়েছে কলম্বিয়া। সেই বাধা পেরোতে পারলে শেষ ১৬-তে কলম্বিয়ার প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড অথবা অন্য কোনো সহজ প্রতিপক্ষ!
আজকের ম্যাচে অবশ্য পর্তুগালকে তেমন সুযোগই দেয়নি কলম্বিয়া। ম্যাচ জুড়ে শুধু বল পায়ে নয়, আক্রমণেও আধিপত্য দেখিয়েছে লাতিন আমেরিকার দেশটি। ম্যাচে পর্তুগালের ১৩ শটের বিপরীতে কলম্বিয়া শট নিয়েছিল ২৪টি। যোগ করা সময়ের শেষ দিকে একবার পর্তুগালের জালে বলও জড়িয়েছিল কলম্বিয়া। কিন্তু সানচেসের গোলটি বাতিল হয়েছে অফসাইডে। তাতে দুদলের রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় গোলশূন্য সমতায়।
একই গ্রুপের অন্য ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে নকআউটের টিকিট পেয়েছে ডিআর কঙ্গো। শেষ ৩২-এ কঙ্গোর প্রতিপক্ষ ইংল্যান্ড।