‘কালো জাদু’ মু্ক্ত হতেই রেকর্ড গড়লেন কেইন

ঘানার বিপক্ষে আগের ম্যাচটা ড্র করেছিল ইংল্যান্ড। ওই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেননি হ্যারি কেইন। ম্যাচের পর ঘানার এক তান্ত্রিক দাবি করেন, কালো জাদু করে কেইন ও ইংলিশদের আটকে দিয়েছিলেন তিনি।

পানামার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে আবারও আলোচনায় আসেন নানা কওয়াকু বোনসাম নামের ওই তান্ত্রিক। তিনি এবার দাবি করেন, কেইনের ওপর থেকে জাদু তুলে নিয়েছেন তিনি। সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, পানামার বিপক্ষে গোল করবেন হ্যারি কেইন।

ওই তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী মিলে গেছে। পানামার বিপক্ষে ঠিকই গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। ইংল্যান্ডও ম্যাচটা জিতেছে ২-০ ব্যবধানে। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে এল গ্রুপের সেরা দল হিসেবে নকআউটে উঠেছে ইংল্যান্ড। শেষ-৩২ এ ইংলিশদের প্রতিপক্ষ ডিআর কঙ্গো।

ইংল্যান্ডের ২-০ গোলের জয়ে ৬২ মিনিটে প্রথম গোলটি করেন জুড বেলিংহাম। ৫ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন কেইন। এই গোলের মধ্য দিয়ে রেকর্ড বইয়ে ওঠে বায়ার্ন মিউনিখে খেলা স্ট্রাইকারের নাম।

বিশ্বকাপে এটি ছিল কেইনের ১১তম গোল। ইংল্যান্ডের হয়ে যা সর্বোচ্চ। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোলে বিশ্বকাপে গ্যারি লিনেকারের ১০ গোলের রেকর্ড ছুঁয়েছিলেন কেইন। এই ম্যাচে লিনেকারকে ছাড়িয়ে এককভাবে  বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন কেইন।