নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেই অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও কোনো গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। মনে হচ্ছিল, ম্যাচটা বোধহয় টাইব্রেকারে গড়াবে। তবে ম্যাচের ১১২ মিনিটে ত্রাতা হয়ে হাজির হন হুলিয়ান আলভারেস।
বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বল জড়ান সুইজারল্যান্ডের জালে। তাতে হাঁপ ছেড়ে বাঁচে আর্জেন্টিনা। ওই গোলের পর একদম শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেবার জালে বল জড়ান লাওতারো মার্তিনেস। তাতে ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
কানসাস সিটিতে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেওয়া কর্নারে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন আলেক্সিস মাকআলিস্তার। শুরুতে গোল পাওয়া আর্জেন্টিনা একই গতিতে খেলতে থাকে।
অন্যদিকে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি সুইজারল্যান্ড। বেশ কয়েকবার গোলের সুযোগও তৈরি করে মুরাত ইয়াকিনের শিষ্যরা। তবে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিল না ইউরোপের দলটি। এছাড়া এমিলিয়ানো মার্তিনেসের দুর্দান্ত পারফরম্যান্সেও গোলবঞ্চিত থাকে সুইজারল্যান্ড। তাতে আর্জেন্টিনা বিরতিতে যায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে সুইজারল্যান্ড। ৬৭ মিনিটে দারুণ এক প্রতিআক্রমণে রিকার্দো রদ্রিগেসের পাস থেকে গোলটি করেন ড্যান এনদোয়ে। ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়।
তবে ৫ মিনিট পরেই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ১০ জনে পরিণত হয় সুইজারল্যান্ড। রেফারি শুরুতে এমবোলোকে ফাউলের অভিযোগে লেয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। পরে ভিএআর যাচাই করে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখান রেফারি।
১০ জনে পরিণত হওয়ার পর সুইজারল্যান্ড কার্যত ডিফেন্সিভ কৌশলে খেলা শুরু করে। অন্যদিকে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কোনোভাবেই সুইজারল্যান্ডের রক্ষণদুর্গ ভেদ করতে পারছিল না স্কালোনির শিষ্যরা। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানে আর পেরে ওঠেনি সুইজারল্যান্ড। ১১২ মিনিটে আলভারেসের দুর্দান্ত গোলের পর, অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান লাওতারো মার্তিনেস। তাতে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।