আট বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে, নরওয়েকে ২-১ ব্যবধানে হারায় থ্রি লায়ন্স। জোড়া গোল করে ইংল্যান্ডের জয়ের নায়ক জুড বেলিংহাম। আর্লিং হালান্ডকে এদিন জ্বলে উঠতে দেননি ইংলিশ ডিফেন্ডাররা।
ইটস কামিং হোম, অবশেষে ইংল্যান্ড দল স্বপ্নের অনেক কাছাকাছি। রোমাঞ্চকর লড়াইয়ে, নরওয়েকে হারিয়ে সেমিতে জায়গা করে নিল ইংল্যান্ড।
ম্যাচের শুরুটা হয়েছিল সাউথ আফ্রিকার মিডফিল্ডার জেইডেন অ্যাডামস স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। সাউথ আফ্রিকার হয়ে এবারের বিশ্বকাপ খেলা অ্যাডামস আকস্মিকভাবে মাত্র ২৫ বছর বয়সে মারা যান।
মায়ামিতে কেইন-বেলিংহামদের বিপক্ষে দারুন লড়েছে নরওয়ে। শুরুতে আক্রমণে পিছিয়ে থেকেও প্রতি আক্রমণে ৩৬ মিনিটে লিড নেয় নরওয়ে। দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ।
তবে হালান্ডদের উচ্ছাস বেশিক্ষণ থাকেনি। বিরতির আগেই অসাধারণ নৈপুণ্যে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। ১-১ সমতায় বিরতিতে যায় দু'দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও জালের দেখা পেয়ে যায় নরওয়ে। তবে কর্ণারের সময় ফাউলের কারণে গোলটি বাতিল হয়। ফাউল করেন আর্লিং হালান্ড। যে হালান্ড নরওয়ের ত্রাতা, যার বীরোচিত পারফরম্যান্সে এতো দূর এসেছে নরওয়ে, শেষটায় তারই কারণে আক্ষেপে পুড়তে হলো।
এরপর আরও একাধিকবার গোলের দারুন সুযোগ তৈরি করে নরওয়ে। কিন্তু ভাগ্য সহায় হয়নি।
নির্ধারিত সময়ে সমতা থাকার পর, খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ের শুরুতেই ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে, ইংল্যান্ডকে লিড এনে দেন বেলিংহাম।
এরপর ১০১ মিনিটে পেনাল্টিও পেয়ে যায় ইংল্যান্ড। যদিও ভিএআর এর সিদ্ধান্তে পরে তা বাতিল হয়।
ব্রাজিল ম্যাচে জোড়া গোল করা আর্লিং হালান্ড ইংল্যান্ডের বিপক্ষে একরকম নিষ্প্রভ ছিলেন। ম্যাচের ১০৬ মিনিটে তাকে তুলে নেন কোচ।
এই হারে বিশ্বকাপে নরওয়ে রূপকথা শেষ হলো। শেষ হলো অনবদ্য ভাইকিং রো।হালান্ডদের বিদায় করে ইংল্যান্ড জায়গা করে নিলো শেষ চারে।



