সুপারকম্পিউটারের প্রেডিকশন

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে কম, কে হবে চ্যাম্পিয়ন?

বিশ্বকাপের চার ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছে। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল- ফ্রান্স,স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে কে হবে চ্যাম্পিয়ন সে উত্তর মিলবে আগামী ১৯ জুলাই। 

চার ফাইনালিস্টকে নিয়ে চলছে আলোচনা ও  ভবিষ্যদ্বাণী। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে সুপারকম্পিউটার তাদের প্রেডিকশনে জানিয়ে দিয়েছে চার দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম আর্জেন্টিনার। 

২০২৬ বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলের জয়ের পর দিদিয়ের দেশমের দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৩৪.০৫ শতাংশ।

তবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সুপারকম্পিউটারের হিসেবে, লিওনেল স্কালোনির দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ২০.৫৫ শতাংশ, যা চার সেমিফাইনালিস্টের মধ্যে চতুর্থ।

শিরোপা জয়ের সম্ভাবনায় ফ্রান্সের পরেই রয়েছে স্পেন (২৩.৪৫ শতাংশ)। তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড, যাদের সম্ভাবনা ২১.৯৪ শতাংশ। ফলে সুপার কম্পিউটারের পরিসংখ্যানের বিচারে ফ্রান্স এগিয়ে থাকলেও, ইংল্যান্ড, স্পেন ও আর্জেন্টিনা—তিন দলই এখনও বিশ্বকাপ জয়ের বাস্তব সম্ভাবনা ধরে রেখেছে।

সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার। তাদের হিসেব অনুযায়ী, ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৫০.৯ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৯.৬ শতাংশ। অন্যদিকে ফ্রান্স ও স্পেনের মধ্যে ফরাসিদের জয়ের সম্ভাবনা ৫৭.৭০ শতাংশ। 

বাংলাদেশ সময় আগামী ১৫ জুলাই স্পেন-ফ্রান্স ও ১৬ জুলাই আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল।