বিশ্বকপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে বলতে গেলে পাত্তা পায়নি ফ্রান্স। ডালাসে এমবাপ্পেদের ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ম্যাচের শুরু থেকেই খাবি খাওয়া ফরাসিরা ২২ মিনিটে পেনাল্টিতে গোল হজম করে পিছিয়ে যায়। পরে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ম্যাচ শেষে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দিদিয়ের দেশঁ। একই সঙ্গে রেফারির যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ফরাসি কোচ।
ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি ইভান বার্টনের সমালোচনা করে দিদিয়ের দেঁশ বলেছেন, ‘রেফারিং নিয়ে... আমাদের হারের পর যদি আমি কিছু বলি, তবে আমাকে ক্রাই বেবি মনে হবে। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই রেফারি কি একটি সেমি-ফাইনাল পরিচালনার জন্য উপযুক্ত ছিলেন? চতুর্থ ও পঞ্চম রেফারি দারুণ ছিলেন। কিন্তু মূল রেফারি?’
ফরাসি কোচ যোগ করেন, ‘পেনাল্টির বিষয়টি ছিল, তবে শুধু সেটিই নয়, সবকিছু মিলিয়েই এমনটা মনে হয়েছে। আজকের রেফারির বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই, তবে আপনারা নিজেদেরই প্রশ্ন করে দেখুন। শুধু আজ আমরা হেরেছি বলেই এটা বলছি না। ম্যাচে এমন অনেক পরিস্থিতি ছিল। অবশ্য কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষেও গেছে।’
রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেও স্পেনকে কৃতিত্ব দিতে ভোলেননি দেশঁ, ‘খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু আমাদের সৎ হতে হবে: আমরা টেকনিক্যাল দিক থেকে পিছিয়ে ছিলাম। হারের মূল কারণ হলো, আমরা পারফরম্যান্সের মান অনুযায়ী খেলতে পারিনি... এই ম্যাচে স্পেন আমাদের চেয়ে অনেক বেশি ভালো খেলেছে।’