এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার কয়েকটি ম্যাচের রেফারিং নিয়ে বিতর্ক হচ্ছে বেশ। অনেকেই দাবি করছেন, রেফারির পক্ষপাতের সুযোগ নিয়ে এতদূর উঠেছে আর্জেন্টিনা। সে কারণে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবিতে অনলাইনে একটি পিটিশন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই পিটিশনে এখন পর্যন্ত সই করেছেন ৯০ লাখের বেশি মানুষ।
তবে কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভিএআরের যুগে এসব পক্ষপাত মোটেও সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যেকোনো ধরনের অভিযোগ করতে পারে বলেও জানান আর্জেন্টিনা কোচ।
এদিকে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি জানিয়ে ‘আর্জেন্টিনাআউট ডটকম (argentinaout.com) নামের ওয়েবসাইট খুলে সই সংগ্রহ করা হচ্ছে। পিটিশনের আয়োজকদের অভিযোগ, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা সক্রিয়ভাবে আর্জেন্টিনা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসির পক্ষে কাজ করছেন।
পিটিশনে লেখা হয়েছে, ‘এটা স্পষ্ট যে, ফিফা ও রেফারিরা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখাচ্ছেন। বিজয়ী দল যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে বিশ্বের বাকি দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক এবং অন্যদের ন্যায্য সুযোগ দেওয়া হোক।’
এখন পর্যন্ত এই পিটিশনে সই করেছেন ৯১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ।
আর্জেন্টিনার জয় নিয়ে বেশি বিতর্ক শুরু হয় শেষ ষোলোতে মিসরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর থেকে। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া আর্জেন্টিনা শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে। ওই ম্যাচে মিসরের একটি গোল বাতিল হয়েছিল আক্রমণের শুরুতে ফাউলের কারণে। আবার আর্জেন্টিনার জয়সূচক গোলের আগেও মিসর একটি ফাউলের দাবি জানিয়েছিল।
ওই ম্যাচের ফলকে ‘চরম অন্যায্য’ বলে অভিযোগ তোলে মিসর। দলটির কোচ ক্ষোভ জানিয়ে সেসময় বলেছিলেন, ‘পরিণতি যা-ই হোক, আমি আমার মতামত বলব। এটা স্পষ্টভাবেই সাজানো হয়েছে এবং সবাই তা দেখেছে। যদি তারা এতটাই চায় আর্জেন্টিনা জিতুক, তাহলে বিশ্বকাপে অন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে কেন?’
তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে স্কালোনি কয়েকদিন আগে বলেছেন, ‘১৯৮৬ সালেও বলা হয়েছিল, আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়।’ আর্জেন্টিনা কোচ যোগ করেন, ‘কিছু মানুষ আর্জেন্টিনাকে জিততে দেখতে পছন্দ করেন না। এসব মন্তব্য বরং আমার দলকে আরও ভালো ফুটবল খেলতে অনুপ্রাণিত করে।’
রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়ে স্কালোনি বলেন, ‘আজকের দিনে ভিএআর এবং এত প্রযুক্তি থাকার কারণে কাউকে সাহায্য করা অত্যন্ত কঠিন। ভিন্ন ব্যাখ্যার কোনো সুযোগ নেই। কোনো পক্ষপাতিত্ব নেই। বরং এখন কাউকে সাহায্য করা খুব কঠিন। জানি না, হয়তো অনেক বছর আগে এমন কিছু সম্ভব ছিল, তবে আজকের দিনে এটা প্রায় অসম্ভব।’



