মেসিদের বিপক্ষে ম্যাচে কেন লাল কার্ড দেখলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে বাংলাদেশ সময় আজ ভোরে লিওনেল মেসির ইন্টার মায়ামির মুখোমুখি হয়েছিল ফিলাডেলফিয়া। বাবাকে হারানোর পর এই প্রথম গোলের দেখা পান মেসি। কিন্তু আর্জেন্টাইন মহাতারকার গোলের উপলক্ষ্যটা রাঙাতে দেয়নি ফিলাডেলফিয়া। ঘরের মাঠে মায়ামিকে আটকে গিয়েছে ২-২ গোলে।

এ ম্যাচে লাল কার্ড দেখেছেন ফিলাডেলফিয়ায় খেলা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এছাড়া বড় ভাই কুইন সুলিভানও দেখেছেন হলুদ কার্ড। তা কী এমন ঘটনা ঘটেছিল, দুই ভাই-ই কার্ড দেখলেন?

ঘটনার সূত্রপাত ম্যাচের যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে। মায়ামি বক্সের ভেতর বল পেয়ে ইয়ানিক ব্রাইটকে কাটিয়ে ভেতরের দিকে ঢুকতে থাকেন কুইন সুলিভান। সামনে থেকে দৌড়ে এসে কুইনকে ফেলে দেন কাসেমিরো। কুইন সুলিভান তখন মাঠে বসে পড়েন। এমন অবস্থায় মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে সুলিভানের ঘাড়ের ওপর পা তুলে দেন। কুইন সুলিভান উঠে দাঁড়াতে গেলে, দুজনেই পড়ে যান। যা নিয়ে শুরু হয় বাক-বিতণ্ডা।

সেই উত্তেজনায় যোগ দেন ছোট ভাই কাভান সুলিভানও। মায়ামির ইয়ানিক ব্রাইটের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান। এ ঘটনায় রেফারি কাভান সুলিভান ও ব্রাইট- দুজনকেই লাল কার্ড দেখান। পাশাপাশি কুইন সুলিভান দেখেন হলুদ কার্ড। ছোট ভাই কাভান সুলিভান লাল কার্ড দেখায় ফিলাডেলফিয়ার জার্সিতে পরের লিগ ম্যাচ খেলতে পারবেন না।

উল্লেখ্য, ১৮ বছর পূর্ণ হলে প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান।