অভিযোগ ম্যান ইউনাইটেডের সাবেক কোচের

রোনালদো নিজে অনুশীলনে ফাঁকি দিতেন, সতীর্থদেরও দিতেন পরামর্শ!

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয় বছর ম্যান ইউনাইটেডে কাটানোর পর ২০২১ সালে ফের প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ফিরেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যান ইউনাইটেডে দ্বিতীয় দফার অধ্যায়টি রোনালদোর জন্য সুখকর ছিল না। এক বছরের কিছু বেশি সময়ের মধ্যেই পরিস্থিতি জটিল হতে থাকে। ক্লাবের শীর্ষ কর্মকর্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেন পর্তুগিজ কিংবদন্তি। এর জেরে রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করে ম্যান ইউনাইটেড।

ইংলিশ ক্লাবটিতে রোনালদো অধ্যায়ের শেষ দিকে কোচ ছিলেন এরিক টেন হাগ। দায়িত্ব পালনের সময়ে বিভিন্ন সময় রোনালদোর সঙ্গে টেন হাগের বিরোধের গুঞ্জন শোনা গিয়েছিল। এবার এ ডাচ কোচ নিজেও স্বীকার করেছেন, রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন ছিল। টেন হাগ আরও অভিযোগ করেছেন, রোনালদো ম্যান ইউনাইটেডকে হতাশ করেছেন। দ্য অ্যাথলেটিকের সঙ্গে আলাপকালে এসব জানিয়েছেন ম্যান ইউনাইটেডের সাবেক কোচ।

ওই সাক্ষাৎকারে টেন হাগ দাবি করেন, রোনালদো অনুশীলনের মাঝপথেই চলে যেতেন এবং যথেষ্ট পরিশ্রম করতেন না। এছাড়া সতীর্থদেরও অনুশীলনে সব শক্তি ব্যয় করতে নিষেধ করতেন রোনালদো- এমনটাই অভিযোগ করেন টেন হাগ।

ম্যান ইউনাইটেডের সাবেক এ কোচ বলেছেন, ‘রোনালদো দলকে হতাশ করেছে, আমাকেও হতাশ করেছে। কারণ, আমরা তাকে দলে রেখেই পরিকল্পনা করেছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে আমার পরিকল্পনা নিয়ে তার সঙ্গে কথা বলতে আমি পর্তুগাল পর্যন্ত গিয়েছিলাম।’

রোনালদোর সঙ্গে ম্যান ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগ। ফাইল ছবি (রয়টার্স)

তিনি যোগ করেন, ‘অবশ্যই, সে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তাকে অনেক সম্মান করতাম। কিন্তু তখন একজন কোচ হিসেবে আমাকে বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছিল। যেসব খেলোয়াড়কে আমি পছন্দ করতাম, তাদের দলে রাখার সিদ্ধান্তও নিতে হয়েছিল।’

সাক্ষাৎকারের পরের অংশে টেন হাগ জানান, সতীর্থরা সবাই মিলে রোনালদোকে দিয়ে গোল করাতে চাইলেও রোনালদো ঠিকঠাক পজিশনে থাকতে পারতেন না সবসময়। এ প্রসঙ্গে টেন হাগ বলেছেন, ‘আমি তার সঙ্গে এ নিয়ে সরাসরি কথা বলেছি। অনেকবার বলেছি, “রনি, তোমাকে সবাই একদম ঠিকঠাক জায়গায় বল পৌঁছে দিতে চায়। কিন্তু তুমি যদি নিজে পেনাল্টি বক্সে সঠিক জায়গায় যেতে না পারো, তাহলে গোল করতে পারবে না।” সে এটা করতে পারছিল না।’

এর পেছনের কারণটাও জানান টেন হাগ। তিনি দাবি করেন, ঠিকঠাক অনুশীলন করতেন না রোনালদো। সে কারণেই পর্তুগিজ কিংবদন্তি নিজেকে প্রস্তুত করতে পারেননি বলেও জানান তিনি। টেন হাগের ভাষায়, ‘আমি নাকি ওর কাছে প্রেসিং চাইতাম, আর ও ক্লান্ত হয়ে পড়ত— এভাবে উপস্থাপন করলে ভুল হবে। সে এটা করতে পারছিল না। বল আমাদের দখলে থাকুক কিংবা প্রতিপক্ষের দখলে, কোনো অবস্থাতেই সে দৌড়াত না। কারণ, সে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করেনি।’

টেন হাগ আরও বলেন, ‘প্রতিটি বড় দলকেই তাদের সেরা খেলোয়াড়কে গুরুত্ব দিতে হয়। কিন্তু সেই সেরা খেলোয়াড়কেও দলের জন্য কাজ করতে হবে।’

টেন হাগের অভিযোগ, সতীর্থদেরও অনুশীলন-বিমুখ করতেন রোনালদো। এ প্রসঙ্গে টেন হাগ বলেছেন, ‘সে অন্য খেলোয়াড়দের বলত, “অনুশীলনে নিজেদের শক্তি বাঁচিয়ে রাখো।”’ ম্যান ইউনাইটেড কোচ আরও বলেন, ‘আপনার ফিটনেস যখন খুবই ভালো থাকবে, তখন এমনটা করতে পারেন। অনুশীলনের বিভিন্ন সেশন থাকে, তখন শক্তি বাঁচিয়ে রাখার সুযোগও থাকে। কিন্তু তার আগে নিজেকে সঠিক ফিটনেসের পর্যায়ে নিয়ে যেতে অনুশীলন করতে হবে।’