বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল লিগের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে আজ জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ আহরণ, অর্থ আত্মসাৎ ও ঘুষ দাবির অভিযোগ উঠেছে।
বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজেকে নির্দোষ দাবি করেন কিরণ।
কিরণের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছিল বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব। কিরণের বিরুদ্ধে তাদের অভিযোগ দেশের বাইরে অর্থপাচার, করোনাকালে নারী ফুটবলারদের প্রাপ্য অর্থ আত্মসাৎ এবং তাদের কাছ থেকে ঘুষ দাবি করে না পাওয়ায় নিষিদ্ধ করা।
এ প্রসঙ্গে কিরণ বলেন, ‘বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব আমার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে। এর প্রেক্ষিতে আজ আমাকে ডাকা হয়েছিল। আমি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এসেছি। এফআইবি নামে আমাদের একটা কমিটি আছে। তারা কাগজপত্র পর্যালোচনা করে বেগম আনোয়ারা ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এখানে আমার কিছু করার ছিল না। ’
তদন্তে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন বলে আত্মবিশ্বাসী কিরণ, ‘আমি দুদকে সকল আর্থিক দলিল দিয়ে এসেছি। তারা আরও কিছু জানতে চাইলে বা আরও কিছু প্রয়োজন হলে আমি দিয়ে আসবো। এর আগেও আমাকে নিয়ে তদন্ত করা হয়েছিল। সেই তদন্তেও আমাকে নির্দোষ বলা হয়েছে।’