গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। গোল করেছেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ, গোলে সহায়তা ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের। তবে ম্যাচে এক সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি করে আলোচনার জন্ম দিয়েছেন দলটার স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।
ম্যাচের তখন ৮২ মিনিট চলছে। ম্যানসিটি ততক্ষণে ১-০ গোলে এগিয়ে। অবশ্য যেকোনো সময়ে গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কা তাই ছিলই, বিশেষ করে প্রতিপক্ষ যেখানে নিউক্যাসল ইউনাইটেডের মতো শক্তিশালী দল। মাঠে গ্রিলিশ, ফোডেন, হালান্ড, আলভারেজ, রদ্রির মতো তারকারা থাকা সত্ত্বেও দ্বিতীয় গোলটা আসছিলই না।
গোল না পেলে এ পর্যায়ে সাধারণত ম্যানেজাররা বিকল্প খেলোয়াড় নামান গোলের আশায়। কিন্তু গার্দিওলা গত রাতে ওসবের ধার ধারেননি। তা দেখেই কি না, সিটির এক সমর্থক ধৈর্য হারালেন, চেঁচিয়ে গার্দিওলাকে কিছু একটা বললেন। জবাবে গার্দিওলাও বেঞ্চের দিকে ইঙ্গিত করে সে সমর্থককে কিছু একটা বললেন।
কি কথা চালাচালি হলো, তা জানা গেছে ম্যাচ শেষে। টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা জানিয়েছেন, ‘ও আমাকে বললো, বিকল্প খেলোয়াড় নামাও! আমিও তখন ওকে বললাম, তাহলে তুমিই এসো আমার জায়গায়, তুমিই করো আমার কাজ!’ শেষমেশ গার্দিওলা একজনও বিকল্প খেলোয়াড় নামাননি। অবশ্য তাতে সিটির কোনো ক্ষতি হয়নি। ইয়োস্কো গাভারদিওল, রুবেন দিয়াস, মানুয়েল আকাঞ্জি, কাইল ওয়াকার ও এদেরসনরা দক্ষভাবেই সিটির রক্ষণ সামলে গেছেন গোটা ম্যাচ জুড়ে। ফলে পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছেন তাঁরা।
ম্যাচের ৩১ মিনিটেই গোল পেয়ে যায় সিটি, আর্জেন্টাইন তারকা আলভারেজের কল্যাণে। কেভিন ডি ব্রুইনা ছিলেন না, গোল বানিয়ে দেওয়ার কাজটা কে করবেন, একটু সন্দেহ ছিলই। সে সন্দেহ দূর করেছেন ফোডেন – গোটা ম্যাচে দুর্দান্ত খেলেছেন। গোলে সহায়তাও তিনিই করেছেন। ডিবক্সের ডানপ্রান্ত থেকে দুর্দান্ত এক কাটব্যাকে আলভারেজের কাছে বল পাঠান। ডান পায়ে নিয়ন্ত্রণ করে দুর্দান্ত প্লেসমেন্টে গোল করেন এই ফরোয়ার্ড।
গত ম্যাচে অ্যাস্টন ভিলাকে পাঁচ গোল দেওয়া নিউক্যাসল এই ম্যাচে পুরোপুরি নখদন্তহীন ছিল। গোল করা তো দূর, গোটা ম্যাচে সিটির পোস্টে শট রাখতে পেরেছেই মাত্র একবার, তাও ম্যাচের শেষদিকে এসে। সিটির রক্ষণ নিয়ে গার্দিওলা গর্ব করতেই পারেন!