রেয়াল মাদ্রিদে চুক্তি শেষে গত জুনে বড় আশা করে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে গিয়েছিলেন করিম বেনজেমা। বেনজেমা যদিও সৌদি লিগের আবেদন বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার চ্যালেঞ্জের কথা বলেছেন, তবে সেখানে তাঁর যাওয়ার পেছনে মূল কারণটা যে অবিশ্বাস্য অঙ্কের অর্থ, তা না বললেও চলে। বছরে ২০ কোটি ইউরো বেতন পেলে সব লিগকেই চ্যালেঞ্জিং মনে হতে পারে!
তবে সৌদি আরবে খুব একটা সুখে নেই বেনজেমা। সৌদি সংবাদমাধ্যম আল শারক আল আওসাতকে সূত্র জানিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, সৌদি আরবে নিজ ক্লাবের কোচ নুনো এসপিরিতো সান্তোর সঙ্গে লেগে গেছে ৩৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকারের। এমনই অবস্থা যে, ভিন্ন ‘সমাধান’ খুঁজতেও নাকি এজেন্টকে বলে দিয়েছেন বেনজেমা!
সৌদি সংবাদমাধ্যমটির খবর, তাঁর সঙ্গে নুনো এসপিরিতো সান্তোর আচরণ ভালো লাগেনি বেনজেমার। এসপিরিতো সান্তো নাকি বলে দিয়েছেন, বেনজেমা তাঁর খেলানোর ধরনের সঙ্গে যান না। আল শার্ক আল আওসাত এমনও জানাচ্ছে যে, বেনজেমাকে যখন দলে নিচ্ছে আল ইত্তিহাদ, নুনো এসপিরিতো সান্তোর তা পছন্দ হয়নি।
আল ইত্তিহাদে যোগ দেয়ার পর আরব ক্লাব কাপে শুরুটা ভালোই হয়েছিল বেনজেমার। প্রথম তিন ম্যাচের প্রতিটিতে গোল করেছেন, ৩ গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের শিরোপা উদ্যাপন দেখা টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালেই বাদ পড়ে বেনজেমার আল ইত্তিহাদ।
এরপর লিগে ক্লাবের শুরুটা ভালো হলেও বেনজেমা ভালো করতে পারছেন না। লিগে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বেনজেমার পাশাপাশি ফাবিনিও-এনগোলো কান্তেদের দলে নেয়া আল ইত্তিহাদ, দুটিতেই জিতেছে। কিন্তু বেনজেমা এখনো লিগে গোল পাননি।
এর মধ্যে শুরু হয়েছে কোচের সঙ্গে বিভেদের গুঞ্জন। সৌদি সংবাদমাধ্যমটি লিখেছে, বেনজেমা এরই মধ্যে তাঁর এজেন্টকে বলে দিয়েছেন পরিস্থিতির সমাধান বের করতে। সেটি অন্য ক্লাবে যাওয়া নাকি আল ইত্তিহাদ কর্তৃপক্ষের কাছে নুনো এসপিরিতো সান্তোকেই সরিয়ে দেয়ার দাবি নাকি পারস্পরিক সমঝোতা – তা অবশ্য পরিষ্কার করেনি আল শারক আল আওসাত।
এর মধ্যে ছোট্ট একটা ফুটনোটও দিয়েছে আল শারক আল আওসাত। বেনজেমা নাকি আল ইত্তিহাদের অধিনায়ক হতে চেয়েছিলেন, কিন্তু নুনো তা মেনে নেননি। তিনি প্রথমে ব্রাজিল কিংবদন্তি রোমারিওর ছেলে রোমারিনিওকে অধিনায়ক বানিয়েছেন, পরে বানিয়েছেন আহমেদ শারাহিলিকে।