ছেলেদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলের হিটে আজ পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। ক্যারিয়ার সেরা টাইমিংও করেছেন তিনি। কিন্তু এমন পারফরম্যান্সেও ৭৯ জন সাঁতারুর মধ্যে ৬৯তম হয়েছেন।
আজ প্যারিসের লা ডিফেন্স অ্যারেনাতে দ্বিতীয় হিটে পঞ্চম হয়ে বাদ পড়েন ২০ বছর বয়সী এ সাঁতারু। ১০০ মিটার শেষ করতে রাফি সময় নিয়েছেন ৫৩.১০ সেকেন্ড। এর আগে এই ইভেন্টে রাফির ক্যারিয়ার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড।
দ্বিতীয় হিটে পুলে নেমে শুরুতেই পিছিয়ে পড়েন রাফি। প্রথম ৫০ মিটার শেষ করতে বাংলাদেশের এ সাঁতারুর সময় লাগে ২৫.৭৫ সেকেন্ড। পরের ৫০ মিটারে আরেকটু ধীর গতির হয়ে যান তিনি। সে অংশে সময় নেন ২৭.২ সেকেন্ড। এতে পুরো ১০০ মিটার অতিক্রম করতে লাগে ৫৩.১০ সেকেন্ড।
তাঁর হিটে ৫২.৯৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন ক্যামেরুনের সাতারু অ্যান্তোনি দে লেপারেন্ত। এ হিটে ৫২.৯৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সুরিনামের ইরভিন হোস্ট। তৃতীয় হয়েছেন ওমানের ইসা সামির হামিদ আল আল আদায়ি (৫৩.১৯ সেকেন্ড)।
প্যারিস অলিম্পিককে সামনে রেখে গত ডিসেম্বর থেকে থাইল্যান্ডে প্রস্তুতি নিচ্ছিলেন বাংলাদেশের এ সাঁতারু। তাঁর লক্ষ্য ছিল প্যারিস অলিম্পিকে ৫২ সেকেন্ডের মধ্যে ১০০ মিটার শেষ করা।
এমন আশা নিয়েও রাফি সেমিফাইনালের স্বপ্নও দেখেননি। সেমিফাইনালে কোয়ালিফাই করতে গেলে ৪৮ সেকেন্ডের আশপাশে টাইমিং করতে হয়। এ প্রসঙ্গে প্যারিসে যাওয়ার আগে রাফি বলেছিলেন, ‘(সময় বিবেচনায়) আমি সে জায়গা থেকে এখনো অনেক দূরে। আমার পদক জেতার কথা ভাবা উচিত না। আমার আসল লক্ষ্য ৫২ সেকেন্ড সময়ের মধ্যে শেষ করা, যেখানে অলিম্পিকে সেমিফাইনালে যেতে ৪৭ থেকে ৪৮ সেকেন্ড সময় লাগে।’
ফ্রি স্টাইলে দশটি হিট অনুষ্ঠিত হয়েছে। সবগুলো হিট মিলিয়ে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়েছেন রাফি। সব হিট মিলিয়ে ৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্সি জ্যাক। সময়ের দিক থেকে সেমিফাইনালে সবার শেষে জায়গা করে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার হোয়াং সুনয়ো। তাঁর টাইমিং ৪৮.৪১ সেকেন্ড।