ভারতীয় কুস্তিগির অন্তিম পানঘাল ও তাঁর সঙ্গী-সাথীদের প্যারিস অলিম্পিক থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ, এই রেসলার তাঁর বোন নিশাকে তাঁর অ্যাক্রিডিটেশন কার্ড দিয়েছিলেন অলিম্পিক গেমস ভিলেজে ঢোকার জন্য। ভেতরে ঢুকলেও বের হওয়ার সময় পুলিশের কাছ ধরা পড়েন তিনি।
স্থানীয় পুলিশ জিজ্ঞাসাবাদের পর নিশাকে ছেড়ে দেওয়া হলেও কর্তৃপক্ষ অন্তিমের পুরো বহরকে ফ্রান্স থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং রেসলারের অ্যাক্রিডিটেশন বাতিল করে। এর আগেই ৫৩ কেজি ওজন শ্রেণিতে তুর্কির ইয়েতগিল জেইনেপের কাছে ১০-০ ব্যবধানে হেরেছেন ভারতের এই রেসলার।
ভারতীয় অলিম্পিক কমিটি (আইওসি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইওসি রেসলার অন্তিম ও তার স্টাফদের নিয়ম ভঙ্গের কারণে ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’
নিজের লড়াই হারার পর অন্তিম নিজ হোটেলে যান। সেখানেই তাঁর নির্ধারিত কোচ ভগত সিং ও তাঁর প্রকৃত কোচ বিকাশ ছিলেন। রেসলার তখন বোনকে অলিম্পিক ভিলেজে গিয়ে তাঁর জিনিসগুলো নিয়ে আসতে বলেন। বোন ভেতরে ঢুকতে পারলেও বের হতে গিয়ে ধরা পড়েন।
তাঁকে স্থানীয় পুলিশ ধরে নিয়ে যায়। ১৯ বছর বয়সী অন্তিমকেও বিবৃতি নিতে ডেকে পাঠানো হয়। শুধু তাই নয়, দুই কোচ বিকাশ ও ভগত নাকি মদ্যপ অবস্থায় ক্যাবে ওঠেন এবং ভাড়া দিতে অস্বীকৃতি জানান। এ অবস্থায় ড্রাইভার পুলিশ ডাকেন।
আইওসির এক সূত্র জানিয়েছে, ‘আমরা আগুন নিয়ে খেলছি। খুব বাজে এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমাদের নিরাপত্তা কর্মকর্তা পরিস্থিতি সামলাচ্ছে। ওদের হয়তো বের করে দেবে। দেখা যাক।’