প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম সোনা জয়ের দ্বারপ্রান্তে ছিলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। কিন্তু ফাইনাল মাঠে গড়ানোর আগেই বাদ পড়তে হলো তাঁকে। ফাইনালের আগে ভারতের এই নারী কুস্তিগিরের ওজন নির্দিষ্ট ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি হওয়ায় অলিম্পিক থেকেই ছিটকে যান ভিনেশ। তবে ফাইনাল খেলার জন্য রীতিমতো নিজের সঙ্গে যুদ্ধ করেছেন এই নারী কুস্তিগির।
প্রথম ভারতীয় নারী কুস্তিগির হিসেবে ভিনেশ ফোগাট অলিম্পিক্সের মঞ্চে সোনার পদকের ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করেই রেকর্ড গড়েন। কিন্তু ম্যাচের আগে নিয়ম মাফিক ওজন পরীক্ষায় ভিনেশের ওজন নির্ধারিত ৫০ কেজির চেয়ে ১০০ গ্রাম বেশি আসে। সে কারণে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হারান। এমনকি রৌপ্য পদক থেকেও বঞ্চিত হন। সঙ্গে সঙ্গে মঞ্চেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
তবে ম্যাচে নামার আগে ৫০ কেজি বিভাগে ভিনেশের ওজন প্রায় ২ কেজি বেড়ে গিয়েছিল। যা কমানোর জন্য সারা রাত ধরে চেষ্টা করেছিলেন। জগিং, স্কিপিং এবং সাইক্লিং করেছিলেন, এমনকি চুলও কেটে ফেলেছেন। শেষদিকে রক্তও ঝরিয়েছেন। তাতে ওজন কমে এলেও ১০০ গ্রামের কিছুটা বেশি থেকে যায়। বাড়তি ওজন থাকায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী ভিনেশ বাদ পড়ে যান। |
এ নিয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে। ভিনেশের কঠিন এই সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নারী কুস্তিগিরকে ভারতের সিংহ বলে উপাধি দিয়েছেন নরেন্দ্র মোদি।
ভারতের হয়ে ২০০৮ অলিম্পিকে স্বর্ণজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রাও ভিনেশের পাশে দাঁড়িয়েছেন। এই শ্যুটার ভিনেশের প্রশংসা করে বলেন, মাঝে মধ্যে মানুষের কাছে আসল চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনার স্বর্ণ পদকের দরকার পড়ে না।