পাকিস্তানের ক্রীড়াঙ্গনের ইতিহাসে ৮ আগস্ট স্মরণীয় এক উপলক্ষ এনে দিয়েছেন আরশাদ নাদিম। অলিম্পিকের জ্যাভেলিন থ্রোতে ( বর্শা নিক্ষেপ) ৯২.৯৭ মিটার থ্রো ছুঁড়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন নাদিম। সেই সঙ্গে দীর্ঘ ৩২ বছর পর অ্যাথলেটিক্সে পাকিস্তানকে অলিম্পিক পদক এনে দিয়ে অপেক্ষার অবসান ঘটিয়েছেন এই অ্যাথলেট।
পাকিস্তানের ক্রীড়াঙ্গনে ক্রিকেটার বাবর আজম অনেক বড় নাম। তবে আরশাদ নাদিম যা করেছেন ইতিমধ্যে তিনি পাকিস্তানের বাকি সব অ্যাথলেটদেরকে ছাড়িয়ে গেছেন।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী নাদিমের স্বর্ণ জয়ের পর বলেছেন তাঁর সঙ্গে কারো তুলনা হয় না। বাবর আজমের এমন কীর্তি গড়তে অনেক বছর লাগবে।
বাসিত আলীকে বাবর আজম ও আরশাদ নাদিমের মধ্যে কে এগিয়ে তা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ ক্রিকেট ভিন্ন খেলা। তবে আরশাদ নাদিম দেশের জন্য যা করেছে তা বাবর আজমের করতে হলে অনেক বছর লেগে যাবে। কারণ বাবর দলীয়ভাবে খেলে। ও ( বাবর) একা খেলে না। আরশাদ একা খেলে। সে একাই সোনা জিতেছে।‘
বাসিত আলী সেই সঙ্গে আরও জানান, পাকিস্তানের ক্রিকেট দল যদি ২০২৮ অলিম্পিকে গিয়ে স্বর্ণ জেতে তখন এই তুলনা করা যাবে। এখন আরশাদই নায়ক।