নারী নাকি পুরুষ- এ বিতর্ককে পাশ কাটিয়ে গত শুক্রবার ওয়েল্টার-ওয়েইট ৬৬ কেজি বিভাগে সোনা জিতেছেন আলজেরিয়ার বক্সার ইমান খেলিফ। এ ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই ফেদার-ওয়েইটে সোনা জিতেছেন তাইওয়ানের লিন ইউ-তিং। খেলিফের মতো লিনেরও লৈঙ্গিক পরিচয় নিয়ে বিতর্ক চলছিল। সে বিতর্কের মাঝেই গতকাল শনিবার ২০ বছর বয়সী পোলিশ বক্সার জুলিয়া সেরেমেটাকে হারিয়েছেন ২৮ বছর বয়সী লিন।
খেলিফ ও লিনকে নিয়ে অবশ্য বিতর্কটা শুরু হয়েছিল প্যারিস অলিম্পিকের আগে থেকেই। এ দুজন বক্সার আসলে নারী কিনা- এটাই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু। এর আগে দুজনে টোকিও অলিম্পিকে অংশ নিলেও গত বছর ভারতে হয়ে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। তাদের শরীরে মেয়েদের তুলনায় ছেলেদের জিনের মাত্রা বেশি। ফলে লৈঙ্গিক যোগ্যতা নির্ধারণী টেস্ট ও টেস্টোস্টেরন টেস্টে পাশ করতে না পারায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাদের খেলতে দেওয়া হয়নি।
তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) পরিচালিত অলিম্পিক আর রাশিয়া নিয়ন্ত্রিত আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই নীতির কারণে বিতর্ক থাকা সত্ত্বেও প্যারিস অলিম্পিকের টিকিট ঠিকই পেয়ে যান দুজন। তাদের একটা করে ম্যাচ শেষ হচ্ছিল, একইসঙ্গে সমালোচনার মাত্রাও বাড়ছিল। এতসব বিতর্ক আর সমালোচনার মাঝেও দুজনেই নিজ নিজ ইভেন্টে সোনা জিতে নিলেন।
লিনের সোনা জয়ের কয়েক ঘণ্টা আগে ফ্রান্সে আইনি অভিযোগের প্রস্তুতি নিয়েছেন খেলিফের আইনজীবী। মূলত লৈঙ্গিক ইস্যুতে খেলিফের নামে অনলাইনে যে হয়রানি হয়েছে, সেটার ব্যাপারেই আইনের দ্বারস্থ হচ্ছেন খেলিফ। আলজেরিয়ার বক্সারের আইনজীবী নাবিল জানিয়েছেন, ন্যায়বিচার, মর্যাদা ও সম্মানের জন্য নতুন লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন খেলিফ।
খেলিফের মতো একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন লিনও। তিনিও মামলা করবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তাইওয়ানের বক্সার বলেছেন, ‘এটা নিয়ে আমি আমার দলের সঙ্গে আলোচনা করব। এরপর সিদ্ধান্ত নেব, কী করা যায়।’
লিন আরও জানিয়েছেন, বিতর্ক শুরু হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন না তিনি। লিনের ভাষায়, ‘চারদিকে শোরগোল ও কিছু নিউজ আর্টিকেল… আমি আমার কোচের থেকে কিছু তথ্য পেয়েছি। কিন্তু আমি এসব নিয়ে বেশি ভাবতে চাইনি। অলিম্পিকে অংশ নিতে আওসি আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। তাই আমার ফোকাসটা কেবল খেলার দিকেই ছিল।’