অলিম্পিকে সোনা জেতায় শ্বশুর উপহার দিলেন মহিষ, অবাক পাকিস্তান তারকা

দেশের জন্য প্যারিস অলিম্পিকে সোনা জিতে প্রশংসায় ভাসছেন পাকিস্তানের আরশাদ নাদিম। এই অ্যাথলেটকে বিভিন্নভাবে পুরস্কৃত করছেন পাকিস্তানের অনেক সংস্থা থেকে শুরু করে ক্রীড়া ব্যক্তিত্বরা। তবে অদ্ভুত এক উপহার দিয়ে আলোচনায় এসেছেন নাদিমের শ্বশুর। পুরস্কার হিসেবে এই জ্যাভেলিন থ্রোয়ার শ্বশুরের কাছ থেকে পেয়েছেন একটি মহিষ। 

প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভেলিন থ্রোয়ে অলিম্পিক্স রেকর্ড গড়ে গোল্ড স্বর্ণ জেতেন আরশাদ নাদিম। ফাইনালে নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভেলিন নিক্ষেপ করেন। যা অলিম্পিকের ইতিহাসে রেকর্ড। এর আগে অলিম্পিকে এর চেয়ে বেশি দূরে কেউই জ্যাভেলিন থ্রো করতে পারেনি। 

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নাদিমকে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তবে নাদিমের মহিষ পুরষ্কার পাওয়া নিয়ে আলোচনা যখন চলছে। তখন মুখ খুলেছেন এই অ্যাথলেট। নিজের শ্বশুরের দেয়া পুরষ্কার দেখে কিছুটা অবাক নাদিম হাসতে হাসতে জানিয়েছেন, তিনি জমি উপহার দিতে পারতেন।
 
পাকিস্তানের এআরওয়াই নিউজকে নাদিম এই ব্যাপারে কথা বলতে গিয়ে হাসিমুখে জানান, ‘উনি (শ্বশুর মোহাম্মদ নাওয়াজ) আমাকে ৫ একর জমি দিতে পারতেন। তবে সমস্যা নেই, তিনি আমাকে মহিষ দিয়েছেন, এটাও সুন্দর।’ 

মহিষ দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে নাদিমের শ্বশুর নওয়াজ বলেছেন, ‘গ্রামের ঐতিহ্য অনুযায়ী মহিষ উপহার দেওয়া আমাদের এখানে অত্যন্ত মূল্যবান ও সম্মানের। নাদিম সাফল্য পেয়েও গ্রামকে ভুলে যায়নি।’

নাদিমের স্বর্ণ জয়ের মাধ্যমে দীর্ঘ ৪০ বছর পর পাকিস্তান একক কোনো ইভেন্টে অলিম্পিকে স্বর্ণ পদকের দেখা পেয়েছে। দলগত ইভেন্টেও পাকিস্তান সর্বশেষ সোনা জিতেছিল ১৯৮৪ সালে, হকিতে।