সবার চোখে দোষী তিনি, আর তাঁর পরিবার গালি দিচ্ছেন অন্যকে

গত সোমবার আয়ারল্যান্ডের এক আদালত যৌন নির্যাতনের মামলায় মিক্সড মার্শাল আর্ট ফাইটার কনর ম্যাকগ্রেগরকে দোষী সাব্যস্ত করেছে। সিভিল কোর্ট মামলায় ম্যাকগ্রেগরকে আড়াই লাখ ইউরো জরিমানাও করা হয়েছে

কিন্তু আদালতের রায়ের পরও নিজেকে দোষী মনে করেন না আইরিশ ফাইটার। গতকাল আপিলের ঘোষণা দিয়েছেন বিতর্কিত এই তারকা। আর তাঁর বান্ধবী ডি ডেভলিন সব দোষ তুলে দিয়েছেন ভুক্তভোগী নিকিতা হ্যান্ডকে।

২০১৮ সালে ক্রিসমাস পার্টির পর ম্যাকগ্রেগর তাঁর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক করেছেন বলে অভিযোগ করেছিলেন হ্যান্ড। মামলা সিভিল কোর্টে হওয়ায় দোষী প্রমাণিত হলেও কোনো জেলের শাস্তি পাচ্ছেন না ম্যাকগ্রেগর, শুধু জরিমানা করা হয়েছে তাঁকে। কিন্তু রায়ের পর ম্যাকগ্রেগর বলেছেন, যৌন সম্পর্ক দুজনের সম্মতিতেই হয়েছে এবং তাঁকে প্ররোচনা নাকি হ্যান্ডই করেছেন।

এদিকে সে ঘটনার আগ থেকেই ডি ডেভলিনের সঙ্গে সম্পর্ক ম্যাকগ্রেগর। বান্ধবীর সঙ্গে তাঁর চারটি সন্তানও আছে। অর্থাৎ হ্যান্ডের সম্মতিতে যৌন সম্পর্ক হলেও নিজের বান্ধবীর সঙ্গে প্রতারণা করেছেন ম্যাকগ্রেগর। তবু ডেভলিন এমন প্রতারণার পরও প্রেমিকের পাশেই আছেন এবং হ্যান্ডকেই উলটো গালাগালি করেছে। 

চার সন্তান ও নিজেদের একটি পারিবারিক ছবি পোস্ট করে ডেভলিন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি ওকে ভালোবাসি, আস্থা রাখি এবং বিশ্বাস করি! বহু বছর আগেই এ ব্যাপারটা মিটমাট করে নিয়েছি আমরা দুজন। একটা সম্পর্কে এমনটাই তো হওয়া উচিত, এবং আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। আমাদের চারটা সন্তান আছে এবং ওদের হাসিখুশি মুখই ও কেমন এবং আমরা কারা তার সাক্ষ্য দেয়।’

ইনস্টাগ্রাম স্টোরিতে এরপর হ্যান্ডকে রীতিমতো গালাগাল করেছেন ডেভলিন, ‘চিন্তা করেন, একজন নারী যার নিজের প্রেমিক ও সন্তান আছে, সে নিজের প্রলুব্ধ করা ছবি আরেক সন্তানসম্ভবা নারীর প্রেমিকের কাছে পাঠাচ্ছে। এই মহিলা দাবি করে সে আমাকে চিনে, তারপরও আমার পুরুষকে ছবি পাঠাচ্ছ, মেসেজ দিচ্ছ? এসব কী?’

একের পর এক স্টোরিতে সব দায় ভুক্তভোগীকেই দিয়েছেন হ্যান্ড, ‘কেন শনিবার বিকেল, শনিবার রাত, রোববার সকাল, রোববার রাত, সোমবার সকাল- তিনদিন ধরে কেন ঘরে নেই, এ ব্যাপারে মেয়ের কাছে মিথ্যা কথা বলে পার্টি করেছে। হোটেলের কারপার্কে নেচেছে, কী ধরনের মহিলা তুমি!!’

আরও দাবি করেছেন, সিসিটিভি মিথ্যা বলে না এবং সত্য প্রমাণ তুলে ধরা হয়নি আদালতে। এটাও বলেছেন, তাঁর ছেলেকে এমন মহিলাদের হতে সাবধান হতে শেখাবেন।

এদিকে ম্যাকগ্রেগর ও তাঁর বান্ধবী যতই অস্বীকার করুন, এরই মধ্যে অন্যভাবে প্রভাব পড়তে শুরু করেছে আদালতের। গতকালই ম্যাকগ্রেগরকে তাদের গেমের চরিত্র থেকে ফেলে দিয়েছে আইও ইন্টারেক্টিভ। টেসকোর মতো রিটেইল কোম্পানি ম্যাকগ্রেগর সংশ্লিষ্ট পানীয় বিক্রি বন্ধ করে দিয়েছে। হিটম্যান গেম সিরিজে তাঁর অনুকরণে একটি চরিত্র ছিল, সেখানে ম্যাকগ্রেগর নিজেই কণ্ঠ দিয়েছেন। সে চরিত্রও ফেলে দেওয়া হয়েছে।