এতদিন হকিতে বাংলাদেশের মেয়েদের সিনিয়র জাতীয় দল ছিল না। অবশেষে সেই আক্ষেপের অবসান হয়েছে এশিয়ান গেমসের বাছাই পর্বে। ইন্দোনেশিয়ায় বাছাই পর্বের প্রথম ম্যাচে গতকাল চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা।
নিজেদের প্রথম ম্যাচে ড্র করলেও আজ দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ নারী হকি দল। হকির আন্তর্জাতিক টুর্নামেন্টে এটি বাংলাদেশের প্রথম জয়।
অভিষেক টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে এসেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে শারিকা গোল করেন। পরের মিনিটেই উজবেকিস্তানের মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে সমতা আনেন। ২৪তম মিনিটে কনা আক্তার আবার বাংলাদেশকে লিড এনে দেন। বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর রিয়া পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে আরেক দফা এগিয়ে দেন। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে উজবেকিস্তানের খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে খেলায় ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি। ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে নামবে বাংলাদেশ।
আট দলের এ টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের মূল পর্বে খেলার টিকিট পাবে।