এক দশক পর ফ্লাশিং মিডোজে উপস্থিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। উপলক্ষ্য ইউএস ওপেনে ছেলেদের এককের ফাইনালে কার্লোস আলকারাস ও ইয়ানিক সিনারের মধ্যকার লড়াই।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের উপস্থিতিকে ঘিরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় ছেয়ে যায় স্টেডিয়াম এলাকা। প্রবেশপথে বসানো হয় স্ক্যানার। বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় গেটের সামনে দর্শকদের লাইন ক্রমেই দীর্ঘ হতে থাকে। এতে ম্যাচের সময় বিলম্বিত হয় প্রায় আধাঘণ্টা।
বিলম্বিত ম্যাচে প্রতিদ্বন্দ্বী সিনারকে তেমন সুবিধা করতে দেননি আলকারাস। চার সেটের লড়াইয়ে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে জিতে ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন আলকারাস। ২০২২ সালের পর ইউএস ওপেনে এটি আলকারাসের দ্বিতীয় শিরোপা।
সব মিলিয়ে ক্যারিয়ারে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২২ বছর বয়সী এ স্প্যানিশ তারকা। সুইডিশ সাবেক টেনিস তারকা বিওর্ন বর্গের পর আলকারাসই সবচেয়ে কম বয়সে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড গড়লেন।
চলতি বছর এ নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হলেন সিনার-আলকারাস। এর মধ্যে উইম্বলডন জিতেছেন সিনার। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেন জেতা আলকারাস ইউএস ওপেনেও সিনারকে পাত্তা দিলেন না।
তবে একটা জায়গায় ২০২৫ সালটা দুজনের করে নিয়েছেন সময়ের সেরা দুই টেনিস তারকা। এ বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম সমানভাবে ভাগ হলো দুজনের মধ্যে। আলকারাস ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন এবং সিনার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন।
শুধু এ বছর নয়, আগের বছরের (২০২৪ সালের) চারটি গ্র্যান্ড স্ল্যামও দুজনের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন এ দুজন। সেবার অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জেতেন সিনার। অন্যদিকে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতেন আলকারাস।
রজার ফেদেরার-রাফায়েল নাদাল-নোভাক জোকোভিচ ত্রয়ীর দীর্ঘ সময় ধরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর অনেকেই ধরে নিয়েছিলেন, টেনিসে বোধহয় আর এমন প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে না। সিনার ও আলকারাস ক্রমেই সেটা ভুল প্রমাণ করছেন।
এক মৌসুমে সব মিলিয়ে পঞ্চমবারের মতো সিনারের বিপক্ষে পাঁচটি ফাইনাল খেললেন আলকারাস। এ নিয়ে মজা করে সিনারকে উদ্দেশ্যে করে স্প্যানিশ এ তারকা বলেছেন, ‘আমি তোমাকে আমার পরিবারের চেয়েও বেশি দেখি। তোমার সঙ্গে কোর্ট ভাগ করে নেওয়ার ব্যাপারটা দারুণ।’
গতকালের জয়ে আলকারাস শুধু যে ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধার করেছেন, এমন নয়। পাশাপাশি সিনারের কাছে থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটাও কেড়ে নিয়েছেন আলকারাস। এর আগে টানা ৬৫ সপ্তাহ র্যাঙ্কিংয়ে সবার ওপরে ছিলেন ২৪ বছর বয়সী ইতালিয়ান।
ম্যাচ শেষে সিনার বলেছেন, ‘আজ (রোববার) আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে পারিনি।’