১০০ কেজি গাঁজা খেয়ে টালমাটাল ভেড়ার পাল

ঘাস না পেয়ে একটি গ্রিনহাউসে ঢুকে প্রায় ১০০ কেজি সমপরিমাণ গাঁজা খেয়ে ফেলেছে ভেড়ার পাল। স্বাভাবিকভাবেই গাঁজার নেশায় ভেড়ারা ‘অদ্ভূত কাণ্ড’ করতে থাকে। প্রচণ্ড দাবদাহ, দাবানল ও বন্যার জেরে গ্রিসে দেখা দিয়েছে গবাদিপশুর ঘাস সংকট। এর মধ্যেই এমন ঘটনা ঘটেছে মধ্য দেশটির থেসালির অলমিরোস শহরে। 

গত মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, গাঁজার গাছগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিল। খেতের মালিক জানিয়েছেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত ও দাবদাহের কারণে তাঁর খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর যতটুকু ছিল তা আবার ভেড়ার পাল শেষ করেছে।

স্থানীয়  কর্মকর্তারা জানান, এ মাসের শুরুর দিকে থেসালির ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন শহর ও গ্রাম তলিয়ে গেছে। বন্যাদুর্গত এলাকার হাজারো বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। মারা গেছে এক লাখের বেশি প্রাণী। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের ফসলের। 

দ্য নিউজপেপার ডট জিআর ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়,ভেড়ার পাল ২০০ পাউন্ড মূল্যের গাঁজা সাবাড় করেছে। এমন ঘটনায় মাথায় হাত খেত মালিকের। কী বলবেন বুঝতে পারছিলেন না। তিনি বলেন, ‘ আমি হাসব না কাঁদব,  বুঝতে পারছি না’।

একজন মেষপালক ভেড়ার পালের অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। কিন্তু বুঝতে পারছিলেন না, কেন ভেড়ার দল এমন আচরণ করছে।

প্রসঙ্গত, ওষধি গাছ হিসেবে গাঁজার চাষ গ্রিসে ২০১৭ সাল থেকে বৈধ ঘোষণা করা হয়েছে। কেবল তাই নয়, গাঁজা চাষ করে দেশটিতে অর্থনৈতিক দিক থেকেও অনেকে লাভবান হয়েছে।