বিয়ের সব প্রস্তুত। বরযাত্রীও এসে গেছে। হঠাৎ পুলিশ নিয়ে হাজির হলেন বরের প্রথম স্ত্রী। এসেই দাঁড়ালেন বরের সামনে। এরপর এক নাটকীয় ঘটনার স্বাক্ষী হলেন বিয়েতে আসা অতিথিরা।
ঘটনা ভারতের উত্তর প্রদেশের গণেশপুরের পাইকাউলিয়া থানার পাইরাইলা গ্রামের। উত্তর প্রদেশের পত্রিকা দৈনিক ভাস্কর–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গণেশপুরের ওয়াল্টারগঞ্জের বাসিন্দা বিনয় অঙ্গদ শর্মা বিয়ে করতে গত ১৭ নভেম্বর রাতে ব্যান্ড পার্টি আর বরযাত্রী নিয়ে পাইরাইলায় আসেন। এমন সময় সেখানে হাজির হন বরের প্রথম স্ত্রী রেশমা শর্মা, সঙ্গে পুলিশও ছিলেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, রেশমা শুরুতেই বিনয়ের কাছে জানতে চান, তিনি কেন আবার বিয়ে করছেন। এ সময় বিনয়ের সঙ্গে বিয়ের ছবি আর ম্যারেজ সার্টিফিকেটও আমন্ত্রিতদের দেখান রেশমা। তবে বিনয় রেশমার সঙ্গে সম্পর্ক অস্বীকার করেন। তিনি জানান, তিনি কখনো বিবাহিত ছিলেন না।
কনের পরিবার এ সময় বারবার রেশমাকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে বিরক্ত হয়ে মণ্ডপ থেকে নেমে যান কনে। পরে তিনি আর বিয়ে করতে রাজি হননি। ফলে কনে ছাড়াই ফিরে যায় বরযাত্রী।
দুই পক্ষের উত্তেজনা যখন তুঙ্গে, তখন হস্তক্ষেপ করে পুলিশ। বিনয় ও রেশমা দুজনকেই নিয়ে যায় থানা।