বিয়েতে দুই বরকে কোটি টাকার নোটের মালা উপহার

বিয়ের অনুষ্ঠানে দুই বরকে ২ কোটি রুপির নোটের মালা উপহার দিয়ে সাড়া ফেলেছেন এক ব্যক্তি। ৫০০ রুপির নোট দিয়ে তৈরি প্রতিটি মালার মূল্য ছিল ১ কোটি রুপি। প্রায় ১০০ ফুট লম্বা এসব মালার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মথুরায়। শনিবার মথুরার নাগলা ফাউদা গ্রামে বিয়ের শোভাযাত্রার সময় প্রাশান্ত সিং ও কানহা রাঘব নামের দুই চাচাতো ভাইকে এ উপহার দেয়া হয়। তাদের দুলাভাই যোগেশ কুমার ঠাকুর রাজস্থানের কামা এলাকার নানদোলি গ্রামের বাসিন্দা। তিনি এই উপহার দেন।

প্রতিটি মালা ৫০০ রুপির নোট দিয়ে তৈরি করা হয়েছিল। আকারে বিশাল হওয়ায় মালাগুলো বহন ও সামলাতে কয়েকজনের প্রয়োজন হয়। পরে দুই বরকে একটি ভবনের ছাদে দাঁড় করিয়ে তাদের গলায় সেই মালা পরিয়ে দেওয়া হয়। এরপর মথুরার গোবর্ধন এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়।

ভিন্নরকম এই উপহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নানা হাস্যরস করছেন নেটিজেনরা।