এখন নারীরা ঘরে বসে থাকছেন না। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি চাকরি করছেন, আবার কেউ কেউ হচ্ছেন উদ্যোক্তা। ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। আবার ব্যবসার প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও একা একা নিচ্ছেন। তবে, এ কাজে চলার পথে তারা বাধা-বিপত্তির সম্মুখীন যে হচ্ছেন না, তা কিন্তু নয়। উদ্যোক্তা হতে গেলে বাধাও বাতাসের মতো সমানতালে আসতে থাকে। নারীর ক্ষেত্রে এই বাধা আরো বেড়ে যায়। আশার বিষয় হচ্ছে শত বাধা–বিপত্তি পেরিয়ে দেশজুড়ে নারী উদ্যোক্তার সংখ্যা ক্রমশ বাড়ছে।
নতুন বছর সবার কাছেই আলাদা সম্ভবনা নিয়ে আসে। নতুন বছরকে ঘিরে সকলের মধ্যে থাকে নতুন নতুন স্বপ্ন। বিশেষ করে নারী উদ্যোক্তারা নানা আঙ্গিকে তাঁদের স্বপ্নের প্রসার ঘটান। অতীতের তেতো অভিজ্ঞতা থেকে পাঠ নিয়ে সামনের দিকে চোখ রেখে তাঁরা এগিয়ে যান। বিচিত্র সব অভিজ্ঞতা তাঁদের সতর্ক করে নতুন আরেকটি বছরের পথচলার পরিকল্পনা প্রণয়নে। এ ক্ষেত্রে তাঁদের সাহস ও মনোবল জোগাচ্ছে অতীতের যুদ্ধজয়। এমনই ছয় উদ্যোক্তার সাথে আলাপে উঠে আসে তাঁদের উদ্যোগ ও তার সাফল্যের কথা।
মুনিয়া জামান
মুনিয়া জামান ‘কালিন্দী’র কর্ণধার। ২০২১ সালে নিজের মতো করে কাজ করার জন্য ‘কালিন্দী’ প্রতিষ্ঠা করেন। ‘কালিন্দী’র প্রধান পণ্য পাটের ব্যাগ। এখানে পাট দিয়ে তৈরি করা হয় ল্যাপটপ ব্যাগ, মানিব্যাগ, লেডিস ব্যাগসহ আরও বিভিন্ন ধরনের ব্যাগ। পাটের ব্যাগের পাশাপাশি ‘কালিন্দী’তে পাটের ফ্লোর ম্যাটও তৈরি হয়।
এখানকার পাটের তৈরি ব্যাগগুলোর নাম চিত্রা, শীতলক্ষ্যা, গড়াই, রূপসা, পদ্মা আবার কোনোটার নাম ইছামতী, তিস্তা, কাজলা কিংবা তিতাস। নদীর নামে বিভিন্ন ব্যাগের নামকরণ করেন মুনিয়া। তিনি বলেন, ‘ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকা পাট চাষের জন্য খুবই উর্বর। পাট চাষে নদীর গুরুত্বের কথা মাথায় রেখে কালিন্দীর প্রতিটি ব্যাগের নাম রাখা হয় নদীর নামে। পারিবারিকভাবে আমাদের পাটের ব্যবসা, নিজস্ব কারখানাও রয়েছে। সেই কারখানার অবশিষ্ট কাঁচামাল দিয়ে তৈরি করা হয় কালিন্দীর ব্যাগ।’
দেশের বাজারে দেশীয় পণ্য নিয়ে টিকে থাকতে হলে প্রতিবছরই পণ্যের ডিজাইনে পরিবর্তন আনতে হয় বলে মনে করেন মুনিয়া। তিনি বলেন, ‘কালিন্দীতে ইতিমধ্যে নতুন পণ্য এসেছে। বেশ কিছু নতুন ডিজাইনেরও কাজ চলছে। নতুন বছরে কমপক্ষে ১০-১৫টি নতুন ডিজাইন বাজারে আনার ইচ্ছা আছে। সেই সঙ্গে দামটাও যেন ক্রেতাদের নাগালের মধ্যে থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হবে।’
ঋতিষা চাকমা
ঋতিষা চাকমা জেন্সি ‘বক্স অব অর্নামেন্টস’–এর কর্ণধার। রাঙামাটি শহরে জন্ম ঋতিষার শৈশব কেটেছে পাহাড়ের আঁকাবাঁকা পথে। ছোটবেলা থেকেই গয়নার প্রতি আগ্রহ ছিল। ২০১৭ সালে মাস্টার্সের এই শিক্ষার্থী মাত্র ৫ হাজার টাকা দিয়ে ‘বক্স অব অর্নামেন্টস’ নিয়ে কাজ শুরু করেন।
বর্তমানে ‘বক্স অব অর্নামেন্টস’–এর গয়না শহর–গ্রাম ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাচ্ছে। আমেরিকা, অস্ট্রেলিয়া ও কানাডা থেকে ক্রেতারা ‘বক্স অব অর্নামেন্টস’ থেকে পণ্য কেনেন। বর্তমানে ঋতিষার প্রতিষ্ঠানের মাসিক আয় দেড় থেকে দুই লাখ টাকার মতো। ২০২১ সালে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই) থেকে ঋতিষা চাকমা ‘জয়ী অ্যাওয়ার্ড’ পান।
ঋতিষা তাঁর কাজ নিয়ে আরও এগিয়ে যেতে চান। নতুন নতুন গয়না নিয়ে সারা বিশ্বে নিজেদের পরিচয় বাড়াতে চান। পাশাপাশি তাঁর নিজের সম্প্রদায়সহ বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচিত করাতে চান। ঋতিষা চাকমা মনে করেন, শুধু নতুন বছরে নয়, আগামী অর্ধ দশকজুড়ে নারী উদ্যোক্তাদের লক্ষ্য হবে ব্যবসার পরিধি বাড়ানো। পাশাপাশি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হবেন নারী উদ্যোক্তারা।
আসমা হক কান্তা
আসমা হক কান্তা ‘ধবল’–এর কর্ণধার। ৩ হাজার ৫০০ টাকা দিয়ে শুরু করেন ধবলের কাজ। ২০১৫ সালে গ্রাম থেকে নিয়ে আসা গরুর দুধ বিক্রি দিয়ে চালু হয় ‘ধবল’–এর কাজ। ধীরে ধীলে মধু, তেল, ঘি—এগুলোও যোগ হতে থাকে। এরপর যুক্ত করা হয় আচার। এ পর্যন্ত ধবলে আচারের ক্রেতাই সবচেয়ে বেশি। এ ছাড়া ধবলে পিঠা, ফ্রোজেন স্ন্যাক্স, নিত্যদিনের ফ্রোজেন রুটি, পরোটা, মসলা, খেজুর গুড় পাওয়া যায়।
ব্যবসার প্রয়োজনে উদ্যোক্তাদের অনেক ভাবনা–চিন্তা মাথায় রাখতে হয়। কীভাবে প্রতিষ্ঠানের সফলতা ধরে রাখা যায়। ক্রেতাদের মন জয় করা যায়। আসমা হক কান্তা বলেন, ‘আমাদের ব্যবসা সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন আইটেম যোগ হয়েছে। এ ক্ষেত্রে মাথায় রেখেছি কোন পণ্যগুলোর মাধ্যমে মানুষ তাঁর জীবনের সুন্দর স্মৃতিতে ফিরে যেতে পারবেন। যেমন: পিঠা, আচার, নাড়ু—যা ধবলের সবচেয়ে বেশি বিক্রিত খাবার। নাগরিক জীবনের ছুটে চলার মাঝে এই খাবারগুলো আমাদের গ্রামের স্মৃতি, দাদি–নানির আদর, পারিবারিক আনন্দের সময়গুলো মনে করিয়ে দেয়। ‘ধবল’ ঐতিহ্যবাহী পিঠা একেবারে গ্রামীণ স্বাদেই তৈরি করে। এ কারণে আমরা প্রায়ই শুনে থাকি, আপু মনে হয় নানি-দাদি বা মায়ের হাতের পিঠা খাচ্ছি। এখানেই আমাদের সফলতা।’
কান্তা মনে করেন, নারী উদ্যোক্তাদের হাত ধরে টেনে নিয়ে যাওয়ার দরকার নেই। শুধু পরিবার, সমাজ থেকে বাধা না আসুক। আমরা নারী উদ্যোক্তারা অনলাইন আর অফলাইন—দুই জায়গাতেই কাজ করে নিজেদের প্রমাণ করব।
মাধুরী সঞ্চিতা
মাধুরী সঞ্চিতা স্মৃতি ‘ঋ’–এর কর্ণধার। ২০০৮ সাল থেকে ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন। ডিজাইনার হিসেবে রঙ বাংলাদেশ–এ প্রথম কাজ শুরু করেন। এরপর এক দশক ধরে যাত্রা, আড়ং, অরণ্য, ফ্রেন্ডশিপ–এ ফেব্রিকস ডিজাইনার হিসেবে কাজ করেন।
মাধুরী সঞ্চিতার অভিজ্ঞতার ঝুলিতে রয়েছে জার্মানিতে গিয়ে পার্ল ও উড উপকরণ দিয়ে জুয়েলারি তৈরির ওয়ার্কশপ। তুলসী, হরীতকী, রুদ্রাক্ষ, তেঁতুল, করলা, কৃষ্ণচূড়াসহ নানা বীজের গয়না তৈরি করেন তিনি। ‘যাত্রামেলা’য় ‘ঋ’–এর একটি শোকেস আছে, যেখানে সিলেকটিভ জুয়েলারি পাওয়া যায়। দেশের বাইরে ভারত, কানাডা ও সাউথ কোরিয়ায় ‘ঋ’–এর জুয়েলারি যায়। সঞ্চিতা বলেন, ‘ভবিষ্যতে কানাডা ও ভারতে একটা সেন্টার করতে চাই, যেখানে আমার নকশা করা জুয়েলারিগুলো চাইলে যে কেউ অর্ডার করে কিনতে পারবেন। দেশে ধামরাই, সাভার, নিউমার্কেট, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, পাবনা—মোটামুটি এই কয় জায়গায় ‘ঋ’–এর কাজ হচ্ছে। এখানকার জুয়েলারি তৈরির ক্ষেত্রে নারীদের সংখ্যাই বেশি।’
বছরের শুরুতেই সঞ্চিতার নিজের কাছে প্রতিজ্ঞা ‘ঋ’–কে আরেকটু বেশি সময় দেওয়া। আর মনের গহীনে একটা ছোট্ট বাসনা—এ বছর দেশের বাইরে ‘ঋ’–এর সৌন্দর্যকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে মনোযোগী হওয়া।
জেব উন নাহার যূঁথী
‘পদ্মপুরাণ’–এর কর্ণধার জেব উন নাহার যূঁথী। ২০১৬ সালে মাত্র ছয় হাজার টাকা নিয়ে মনিপুরী সম্প্রদায়ের বোনা মনিপুরী শাড়ি নিয়ে কাজ শুরু করেন। দেশীয় আলপনা, ছয় ঋতু, কৃষিকাজ, নাগরিক জীবন, নৃত্যরত নারী বা পাহাড়ের নারী উঠে এসেছে পদ্মপুরাণের শাড়িতে।
কানাডা, আমেরিকা, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ভারতে আছে ‘পদ্মপুরাণ’–এর নিয়মিত ক্রেতা। উৎসবের সময় এক লাখ থেকে দুই লাখ টাকা আয় হয়। অন্যান্য সময় ব্যয় বাদ দিয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকার মতো আয় হয় যূঁথীর।
যূঁথী বলেন, ‘নতুন বছরে নতুন পরিকল্পনা, নতুন কর্মপন্থা নিয়ে কাজ শুরু করতে চাই। দেশীয় বিভিন্ন মোটিফকে নতুন করে তুলে ধরতে চাই। পদ্মপুরাণ যেহেতু হাতে আঁকা শাড়ি এবং অন্যান্য কাপড় নিয়ে কাজ করে, তাই আরেকটু অগ্রসর হতে চাই। বিভিন্ন রকম পটচিত্র, আলপনা, প্রাচীন গীতিকাধর্মী গল্পগুলো তুলে আনতে চাই আমাদের কাজে। এ ছাড়া বাঙালি উৎসবগুলোর জন্য বিশেষ আয়োজন তো করবই। দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তারা আরও বেশি অংশগ্রহণ করুক। পাশাপাশি ক্রেতা–বিক্রেতাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হোক।’
সাবিনা ইয়াসমিন মাধবী
সাবিনা ইয়াসমিন মাধবীর জন্ম নেত্রকোনার মোহনগঞ্জে। ২০১৭ সালে ১০ হাজার টাকা দিয়ে ‘মাধবী মার্ট’–এর যাত্রা শুরু করেন। মাধবী মার্টের সিগনেচার পণ্য নকশীকাঁথা। এর ক্রেতারা গত ৭ বছর ধরে নকশীকাঁথার জন্য মাধবীকে চেনেন। তবে ‘মাধবী মার্ট’–এর হস্তশিল্পের বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশীয় ঐতিহ্যবাহী পোশাক যেমন: জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, সিলেটের মনিপুরী শাড়ি, রাজশাহী সিল্ক, কুমিল্লার খাদি কাপড় পাওয়া যায়। তা ছাড়া পরিবেশবান্ধব পণ্য হুগলাপাতার বিভিন্ন ধরনের পণ্য, কচুরিপানা, সুপারিপাতা, বাঁশ–বেতের পণ্য ও মাটির পণ্যও পাওয়া যায়।
বর্তমানে মাধবীর মাসিক আয় দেড় থেকে দুই লাখ টাকা। অনেক কাজ করতে চান মাধবী। নতুন বছরে এই সাহসী উদ্যোক্তার অনেক পরিকল্পনার মধ্যে একটি হলো চট্টগ্রামে শোরুম চালু করা। আর গুণগত মানের ও সুলভ মূল্যে সবার হাতে পণ্য পৌঁছে দেওয়া।