বর্তমানে নারীর মানবাধিকার প্রতিষ্ঠার কর্মসূচি বাস্তবায়নে দেখা যাচ্ছে, নারীর বিরুদ্ধে চরম বিদ্বেষপূর্ণ প্রচারণা চলছে। এটি নারীকে অবরুদ্ধ করার একটি প্রক্রিয়া। নতুন করে এই অবরুদ্ধ প্রক্রিয়া থেকে নারীকে মুক্ত করতে হবে। সে লক্ষ্যে গবেষণার প্রয়োজন।
মহিলা পরিষদের প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপ-পরিষদের উদ্যোগে ‘গবেষণা পদ্ধতি বিষয়ক’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম এসব কথা বলেন। গত ১৭ এপ্রিল আনোয়ারা বেগম মুনিরা খান মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও কোর্স পরিচালক সীমা মোসলেম। সঞ্চালনা করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ।
সভাপতি ডা. ফওজিয়া মোসলেম আরও বলেন, ‘এ কোর্সে শুধু নারীবিষয়ক তথ্য থাকবে না বরং এ কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান নিয়ে আগামীতে শিক্ষার্থীরা নারীর সংকটসমূহ নিরসন করে নারী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘বাংলাদেশ মহিলা পরিষদ ৫০ বছর ধরে অনেক ধরনের কাজ করে আসছে। এবারে গবেষণা পদ্ধতি বিষয়ক কোর্স চালু আমাদের কর্মসূচিতে নতুন সংযোজিত হয়েছে। নারী-পুরুষের সমতাপূর্ণ সমাজ গঠনে সামাজিক গবেষণা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এ কোর্স থেকে প্রাপ্ত গবেষণালব্ধ অভিজ্ঞতা ও জ্ঞান আগামীতে সমতাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করবে।’
যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম বলেন, ‘আজকের দিনে গবেষণা, সঠিক তথ্য ছাড়া কোনো ধরনের পরিকল্পনা নেওয়া সম্ভব নয়। যেকোনো বিষয়ে কর্মসূচি ও নীতিমালা গ্রহণের আগে বাস্তব অবস্থার পর্যালোচনা করতে হয়। পর্যালোচনা করার জন্য গবেষণালব্ধ তথ্য-উপাত্ত সহায়তা করে থাকে।
উক্ত কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,সম্পাদকমণ্ডলী, কর্মকর্তা কোর্স শিক্ষক এবং ২২ জন শিক্ষার্থীসহ প্রায় ৬০ জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত কোর্সটি ৬টি মডিউলে ১৯টি ক্লাস বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।