নারী ও শিশু পাচার : একটি মানবাধিকার ও আইনি চ্যালেঞ্জ

বাংলাদেশের সামাজিক বাস্তবতায় নারী ও শিশু পাচার একটি ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সমস্যা। এটি শুধু ফৌজদারি অপরাধ নয় এটি মানবাধিকার লঙ্ঘনের চরমতম রূপ, যা ভুক্তভোগীর জীবন, মর্যাদা এবং নিরাপত্তা ছিনিয়ে নেই। পাচারকারীরা দরিদ্রতা, শিক্ষার অভাব, বেকারত্ব এবং সামাজিক দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা, জোরপূর্বক বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দাসত্বে ঠেলে দেয়। এর ফলে তারা বাণিজ্যিক যৌন শ্রম, বাধ্যতামূলক শ্রম, জোরপূর্বক বিবাহ, শিশু বিক্রি এবং অঙ্গপাচারের মতো অমানবিক শোষণের শিকার হয়।

এই অপরাধের প্রভাব শুধু ভুক্তভোগীর পরিবারে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র সমাজের নৈতিক ও সামাজিক কাঠামোকে ভেঙে দেয়। তাই নারী ও শিশু পাচার রোধ এখন শুধু আইনি কর্তব্য নয়, এটি একটি জাতীয় অগ্রাধিকার।

পাচারের প্রকৃতি ও প্রকারভেদ

নারী ও শিশু পাচার নানা উপায়ে সংঘটিত হয়, যার মধ্যে প্রধান কয়েকটি হলো–

 ১. যৌন উদ্দেশ্যে পাচার – নারীদের জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে পতিতালয়ে বা অবৈধ যৌন কাজে নিযুক্ত করা।

২. শ্রম পাচার – নারী ও শিশুদের বিদেশে বা দেশে বিপজ্জনক ও অমানবিক শ্রমে নিযুক্ত করা।

৩. বিয়ের আড়ালে পাচার – ভুয়া বিবাহের প্রতিশ্রুতি বা জোরপূর্বক বিয়ের মাধ্যমে পাচার করা।

৪. শিশু বিক্রি– নবজাতক বা অল্পবয়সী শিশুদের অবৈধভাবে বিক্রি বা বিনিময় করা।

৫. অঙ্গপাচার – পাচারের অংশ হিসেবে মানুষের অঙ্গ কেটে বিক্রি করা।

বাংলাদেশে নারী ও শিশু পাচারের চিত্র

জাতিসংঘের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বে প্রায় ২৫ লাখ নারী ও শিশু পাচারের শিকার হন। বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার নারী ও শিশু পাচার হয় প্রধানত মধ্যপ্রাচ্য, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার এবং ইউরোপের কিছু দেশে। জাতিসংঘের তথ্যমতে ২০২৩–২৪ সালে শুধু বাংলাদেশ থেকে পাচার হয়েছে কমপক্ষে ৪৫২ নারী ও ৬৩ মেয়ে শিশু।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৫০০টি পাচার মামলা দায়ের হলেও মাত্র ৩৫–৪০ শতাংশ মামলার বিচার সম্পন্ন হয়েছে। বিচারব্যবস্থার ধীরগতি ও প্রমাণ সংগ্রহের জটিলতায় অধিকাংশ অপরাধী এখনও আইনের বাইরে রয়ে গেছে।

বাংলাদেশ পুলিশ ও বিশেষ মানব পাচার দমন ট্রাইব্যুনালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল ৪ হাজার ২৯১টি মামলার এর মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ৬৬২টি। ২০০৯ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৯১৭টি পাচার মামলা দায়ের হলেও মাত্র ২৪৭টিতে দণ্ড হয়েছে। একই সময়ে ১০ হাজার ৫৭৯ জন ভুক্তভোগী উদ্ধার হয়েছে।

এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় বাংলাদেশে নারী ও শিশু পাচার রোধে আইন প্রয়োগ ও বিচার কার্যক্রমে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আইনি কাঠামো ও প্রযোজ্য আইন

বাংলাদেশ সরকার পাচার প্রতিরোধে একাধিক আইন প্রণয়ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য—

১. নারী ও শিশু পাচার (নিয়ন্ত্রণ) আইন, ২০১২।

২. পাচারকারীর জন্য সর্বোচ্চ আজীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের বিধান।

৩. পাচারকারী চক্রের প্রত্যেক সদস্যকে আইনের আওতায় আনা।

৪. ভুক্তভোগীদের জন্য পুনর্বাসন ও মানসিক সহায়তার বিধান।

৫. বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০ (সংশোধনীসহ)।

৬. মানবপাচার সম্পর্কিত অপরাধের জন্য বিভিন্ন দণ্ডনীয় ধারা প্রয়োগ।

৭. শিশু আইন, ২০১৩ (শিশুদের সুরক্ষা ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।)

পাচারকারীদের কৌশল

পাচারকারীরা সাধারণত তিনটি উপায়ে অপরাধ সংঘটিত করে—

  • প্রলোভন ও প্রতারণা – দরিদ্র পরিবারকে বিদেশে ভালো চাকরি বা বিয়ের প্রলোভন দেওয়া।
  • জোরপূর্বক অপহরণ বা হুমকি – শারীরিক নির্যাতন ও মানসিক ভয় সৃষ্টি।
  • সামাজিক অবহেলা ও অসচেতনতা – গ্রামীণ বা অনগ্রসর এলাকায় সুযোগসন্ধানী অপহরণ।

উল্লেখযোগ্য কিছু মামলা

  • মেহেরুন নিঝুম মামলা (২০১৮) – বড় এক মানবপাচার চক্র ভেঙে ফেলা হয়, যেখানে সরকারি কর্মকর্তাদেরও যোগসাজশ ধরা পড়ে। মামলা এখনও বিচারাধীন।
  • শিশু পাচার চক্র মামলা (২০২১) – দেশের বিভিন্ন জেলা থেকে শিশু অপহরণ করে বিক্রি করার অপরাধে আট সদস্য দণ্ডিত হয়। ভুক্তভোগীদের পুনর্বাসন নিশ্চিত করা হয়।

আইনজীবীদের মতামত

অ্যাডভোকেট মঞ্জুরুল হক জানান, নারী ও শিশু পাচার মামলায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রমাণ সংগ্রহ। অধিকাংশ ভুক্তভোগী বিদেশে বা দূরবর্তী স্থানে নিয়ে যাওয়া হয়, ফলে প্রত্যক্ষদর্শীর অভাব থাকে। এছাড়া ভুক্তভোগীরা সামাজিক কলঙ্কের ভয়ে অনেক সময় সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করে। এই কারণে মামলা দীর্ঘসূত্রিতায় পড়ে যায়।

অ্যাডভোকেট নাসরিন আক্তার (মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্ট আইনজীবী) জানান, পাচাররোধে শুধু আইন করলেই হবে না আইন বাস্তবায়নে পুলিশ, প্রশাসন, অভিবাসন দপ্তর ও সীমান্তরক্ষীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। ভুক্তভোগীদের পুনর্বাসন প্রক্রিয়াকে আইনের মধ্যে বাধ্যতামূলক করা জরুরি।

প্রতিকার ও পুনর্বাসন ব্যবস্থা

  • পাচার হওয়া নারী ও শিশুদের সরকারি পুনর্বাসন কেন্দ্রে রাখা, যেখানে তারা চিকিৎসা, মানসিক সহায়তা ও দক্ষতা প্রশিক্ষণ পায়।
  • বেসরকারি সংস্থার উদ্যোগে ভুক্তভোগীদের আইনি সহায়তা, কর্মসংস্থান ও পুনর্মিলন কর্মসূচি।
  • অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া চালু করা।

নাগরিকদের করণীয়

  • পাচারবিরোধী সচেতনতামূলক প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ।
  • সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে জানানো।
  • পরিবারের শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের শিক্ষায় জোর দেওয়া।
  • অভিবাসনের আগে সঠিক নিয়মে সরকারি অনুমোদন ও যাচাইকৃত চুক্তিপত্র গ্রহণ।

নারী ও শিশু পাচার শুধু একটি অপরাধ নয়, এটি সমাজের নৈতিক অবক্ষয়ের গভীর প্রতিচ্ছবি। কঠোর আইন, কার্যকর বিচার, পুনর্বাসন ব্যবস্থা এবং সর্বোপরি জনসচেতনতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলা এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো। নারী ও শিশু পাচার রোধে সবাইকে সচেতন হতে হবে এবং আইনের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা।

 লেখক: শিক্ষানবিশ আইনজীবী