সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা। গতকাল শুক্রবার এ ঘোষণা দেয় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নাম।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিশেষ করে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে আহমেদ আল শারা সরকারের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে কানাডা।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায়। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে কানাডা সিরিয়ার জনগণের পাশে আছে বলেও জানান অনিতা।
সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহরির আল-শাম ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।