যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের জবাবে পাল্টা ব্যবস্থা নিল কানাডা। ৭০০টির বেশি মার্কিন পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে অটোয়া। ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এই শুল্ক। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ১ হাজার ৯৯০ কোটি মার্কিন ডলারের মার্কিন পণ্যে নতুন শুল্ক বসতে যাচ্ছে। ইস্পাত, অ্যালুমিনিয়াম থেকে শুরু কোরে, কৃষি যন্ত্রপাতি, প্লাস্টিক ও ইলেকট্রনিকসের মত বিভিন্ন খাতেই পড়বে শুল্কের প্রভাব। পণ্যের ধরন অনুযায়ী শুল্কের হার হবে ১৫ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ।
অন্যদিকে বাণিজ্যযুদ্ধের ধাক্কা সামলাতে ছোট ও মাঝারি ব্যবসার জন্য ৭৫০ কোটি কানাডিয়ান ডলারের সহায়তা তহবিলও ঘোষণা করেছে অটোয়া। কানাডার এই সিদ্ধান্ত এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের কয়েক দিনের মধ্যেই।
এর আগে শনিবার কানাডার বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এরপর সোমবার কানাডার গাড়ির ওপরও শুল্ক বাড়ানোর কথা জানান তিনি।



