এ বছরের সবচেয়ে বড় ও শেষ সুপারমুন দেখল বিশ্বের নানা প্রান্তের মানুষ। চাঁদের এই অসাধারণ সৌন্দর্য মুগ্ধ করেছে কোটি কোটি মানুষকে। শীতের মধ্যে আবির্ভাব হয়েছে বলে বছরের শেষ এই সুপারমুনের নাম দেয়া হয়েছে ‘কোল্ড সুপারমুন’।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত বৃহস্পতিবার রাতে উজ্জ্বল এক সুপারমুনের দেখা মিলেছে। সময় ভেদে যা নজর কেড়েছে বিশ্বের নানা প্রান্তের বাসিন্দাদের। অসাধারণ এক জোছনা উপভোগ করতে সাগর পাড়ে জড়ো হন আর্জেন্টিনা, চিলি ও স্পেনের অনেক নাগরিক।
অনেক অঞ্চলের বাসিন্দারা রাস্তায় দাঁড়িয়ে কিংবা বাড়ির ছাদ থেকে অবাক চোখে উপভোগ করেছে বছরের শেষ এই সুপারমুন। অক্টোবরের হার্ভেস্ট মুন এবং নভেম্বরে বিভার মুনের পর কোল্ড মুন ছিল, এ বছরের তৃতীয় সুপারমুন।
মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, বছরে তিন থেকে চারবার সুপারমুন দেখা যায়। আর সেগুলো সাধারণত নিয়মিত বিরতিতেই আসে। এ বছরের আগের সুপারমুন দুটো দেখা দিয়েছিল ৭ অক্টোবর এবং ৫ নভেম্বর।
চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে সেটিকেই সুপারমুন বলা হয়। এই সময়ে চাঁদকে পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখায়, কারণ এটি পৃথিবীর কক্ষপথের নিকটতম বিন্দুর কাছাকাছি থাকে।