কিশোর অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে আইভরি কোস্ট সরকার। গত কয়েক বছরে অপরাধের মাত্রা বাড়ায় বিশেষ কর্মসূচি নিয়েছে দেশটি। মাদকমুক্ত সুস্থ জীবনযাপনের পাশাপাশি কিশোরদের সামাজিকীকরণে দেয়া হচ্ছে নানা প্রশিক্ষণ।
লুণ্ঠন, অপহরণ, হত্যার মত অপরাধ নিয়ে ভুগছে আবিদজান। আর এসব অপরাধের সঙ্গে জড়িত বেশিরভাগই ১০ থেকে ১২ বছর বয়সী ছেলেরা। তৈরি হয়েছে বেশ কিছু কিশোর গ্যাং।
আইভোরি কোস্ট সরকার বলছে, ২০১০-১১ সালে নির্বাচন পরবর্তী সংকটের সময় কিশোরদের মধ্যে বাড়ে এই প্রবণতা। পরিস্থিতি মোকাবিলায় নড়েচড়ে বসেছে প্রশাসন। চেষ্টা চলছে, অপরাধের সঙ্গে যুক্তদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনার।
উত্তর আবিদজানের তিনশ কিলোমিটার দূরে, কাটাতার দেয়া উচু দেয়ালের এই ক্যাম্পে তারা প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা, সভ্য আচরণ, মানবতাসহ মৌলিক শিক্ষার।
মনোস্তত্ত্ববিদ দিদার কোয়াম গিসান জানান,প্রত্যেকেই এখানে খুব ভালো করছে। সবার পরামর্শ-উপদেশ তারা গ্রহণ করছে। যদি তারা এগুলো সম্পূর্ণভাবে ব্যবহার করে তাহলে উন্নতি করবে, ফিরে যাবে স্বাভাবিক জীবনে। আস্তে আস্তে ভুলে যাবে তাদের নষ্ট অতীত।
অভিভাবকরাও অপেক্ষায় থাকেন কবে তাদের প্রশিক্ষণ শেষ হবে। কেন্দ্রের গেটে অপেক্ষা করেন সন্তানের জন্য।
২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৭৭৪ যুবককে সংশোধন প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে।
/টি-আই/