এক মাসের ব্যবধানে আবারও সৌদি আরবে জেলেনস্কি

নিরাপত্তা, জ্বালানি এবং অবকাঠামোগত বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করতে এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সৌদি আরব সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার দেশটিতে পৌঁছে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা জানান। সফর প্রসঙ্গে জেলেনস্কি জানান, ইউরোপীয় ইউনিয়ন থেকে ৯০ বিলিয়ন ইউরো আর্থিক নিশ্চয়তা পাওয়ার পর এখন সৌদি আরবের সঙ্গে কৌশলগত খাতের নতুন চুক্তিতে গুরুত্ব দিচ্ছেন তারা।

জেলেনস্কি বলেন, ‘গতকাল ইউরোপীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে আমরা আমাদের স্থিতিশীলতার জন্য আর্থিক নিশ্চয়তা পেয়েছি। আজ আমরা সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা, জ্বালানি এবং অবকাঠামো খাতে নতুন চুক্তি তৈরির কাজ করছি।

উল্লেখ্য, গত মাসের শেষের দিকেও জেলেনস্কি সৌদি আরব সফর করেছিলেন। সেই সফরটি মূলত বিমান প্রতিরক্ষা প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়ে পরিচালিত হয়েছিল। এবারের সফরটি এক মাসের ব্যবধানে তার দ্বিতীয় সৌদি সফর।

অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনায় এখনও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। দুই দেশের এই সংঘাত মূলত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও কৌশলগত ‘ইচ্ছাশক্তির লড়াইয়ে’ পরিণত হয়েছে। গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হলেও সংকট মেটার কোনো লক্ষণ নেই। উল্টো সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি হুমকি দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে ওয়াশিংটন ও তেহরান।