ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে এমনটা জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ যেন শেষ হয়েও হলো না শেষ। ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাতকে ঠিক এভাবেই ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। শনিবার শততম দিনে গড়ানো এই সংঘাত বন্ধের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক না হওয়ায় ধোঁয়াশা যেন কাটছেই না। তবু নিত্যনতুন আশার বাণী শুনিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে বলে আশা করছেন তিনি। এ সময় সম্ভাব্য চুক্তির অধীনে ওয়াশিংটন তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সুরক্ষিত করতে পারবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ভিন্ন একটি কারণে কঠোর পদক্ষেপ নিয়েছিলাম। তাই ইরানও তার পাল্টা জবাব দিচ্ছিল। আমি শুনছি, আলোচনাটি বেশ ভালোভাবেই এগোচ্ছে। খুবই ভালোভাবে। যদি তাই হয়, তাহলে এই সপ্তাহের শেষেই চুক্তিতে পৌঁছানো যেতে পারে।’
এছাড়াও ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাতের মতো অন্যান্য আঞ্চলিক উত্তেজনা ইরানের সঙ্গে চলমান আলোচনার বাইরে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে পরমাণু অস্ত্র না রাখার বিষয়ে ইরান সম্মত হয়েছে বলে নিউইয়র্ক পোস্টের এক পডকাস্ট সাক্ষাৎকারে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কীভাবে এবং কোন প্রক্রিয়ায় ইরান এ বিষয়ে রাজি হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এছাড়াও হরমুজ প্রণালিতে অচলাবস্থা খুব দ্রুত সমাধানের পথে এগোবে বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধ বন্ধের আলোচনায় সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলেও সাক্ষাৎকারে জানান ট্রাম্প। এ সময় ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে আলাপের বিষয়ে এখনো ভাবিনি। তবে আমি এটা নিয়ে ভাবব। আমি তার সাথে দেখা করতে চাই। সবকিছু কীভাবে এগোয় তার উপর নির্ভর করে, সম্ভবত কোনো এক সময় দেখা হবে।’
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যদিও যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।