ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে হোঁচট খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওয়ার পাওয়ার্স রেজোলিউশন পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টিটিভস। প্রস্তাব অনুযায়ী, মার্কিন কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ।
ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন এই প্রস্তাবে সমর্থন জানান রিপাবলিকান চার আইনপ্রণেতাও। ভোটাভুটি শেষে প্রস্তাবের পক্ষে পড়ে ২১৫টি ভোট। আর ২০৮টি ভোট পড়ে প্রস্তাবের বিপক্ষে।
কংগ্রেসে পাস হলেও এই প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ, এই প্রস্তাবটিকে আইনে পরিণত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের সই প্রয়োজন। সে ক্ষেত্রে তিনি তাঁর ভেটো ক্ষমতা ব্যবহার করবেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ১০০তম দিনে পৌঁছাবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। মে মাস পর্যন্ত পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ২ হাজার ৯০০ কোটি ডলার।
তবে এই ব্যয়ের পরিমাণ ১ লাখ কোটি ডলারেরও বেশি হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।



