ইরানে বড় সামরিক অভিযান প্রয়োজন নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী 

ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভয়াবহ চাপে পড়েছে। 

মঙ্গলবার প্যারিসে জি-সেভেন জোটের মিত্রদের সঙ্গে বৈঠক শেষে মার্কো রুবিও এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মার্কো রুবিও বলেন, নিষেধাজ্ঞার প্রভাব সময়ের সঙ্গে আরও বাড়বে। পাশাপাশি তেহরানের নিষেধাজ্ঞা এড়ানোর অবশিষ্ট পথও বন্ধ করে দেওয়া হচ্ছে। 

একইসাথে ইরানের নেতৃত্ব নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তার কঠোর জবাব দেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন রুবিও। 

তার দাবি ইরান সমঝোতা চাইলেও আলোচনায় তাদের দেওয়া শর্তগুলো অযৌক্তিক। তবে অর্থনৈতিক চাপ বাড়তে থাকলে তেহরানের অবস্থান বদলাতে পারে বলে মনে করেন তিনি। 

অন্যদিকে রুবিও দাবি করেন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধের আগে যে কোন সময়ের তুলনায় স্বাভাবিক রয়েছে। 

মার্কো রুবিও বলেন, ‘ইরানের ওপর আমাদের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এতে দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রেসিডেন্টের এখন বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। তবে ইরান কোনো সীমা লঙ্ঘন করলে ব্যবস্থা নিতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। আপাতত অবরোধ ও নিষেধাজ্ঞাই ইরানের ওপর চাপ তৈরির জন্য যথেষ্ট।’