ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ঐতিহাসিক বৈঠক কাল, কী থাকছে আলোচনায়?

বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার শেনজেনে এপেক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি। একই আহ্বান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। সম্মেলনের ফাঁকে সাইডলাইনে বৈঠক করেন জিনপিং ও পুতিন। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম– এপেকের শীর্ষ সম্মেলনের এবারের সম্মেলনের প্রতিপাদ্য সমৃদ্ধি ও ভবিষ্যৎ গড়তে একসঙ্গে কাজ করা। দুই দিনব্যাপী এ আয়োজনে থাকছেন দুই হাজারের বেশি প্রতিনিধি।

এপেক সম্মেলনের প্রথম দিন বক্তব্য রাখেন আয়োজক দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আহ্বান জানান, বিশ্ব বাণিজ্য ও বিনিয়োগে বাধা দূর করে অবাধ বাণিজ্য নিশ্চিত করার। পাশাপাশি বৈশ্বিক শিল্প ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিতের ওপরও জোর দেন।

শি জিনপিং বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থা শক্তিশালী করতে হবে। বাড়াতে হবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ বাণিজ্য, যোগাযোগ ও ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্র। একইসাথে শিল্প ও পণ্য সরবরাহে বিভিন্ন দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি।’

এদিন বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। একইসাথে বিশ্ব অর্থনীতির বিভাজন এবং সামরিক রাজনৈতিক ঝুঁকির কথা তুলে ধরেন।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘প্রতিটি দেশের অর্থনীতি একে অপরের ওপর নির্ভরশীল। তাই উৎপাদন বা পণ্য সরবরাহের কোনো পর্যায়ে বাধা তৈরি হলে তার প্রভাব পুরো ব্যবস্থায় পড়ে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া দেশগুলোতেও এর প্রভাব দেখা যাচ্ছে।’

সম্মেলনের ফাঁকে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট। বৈঠকে পুতিন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের পররাষ্ট্রনীতি-সংক্রান্ত অংশীদারত্ব ধারাবাহিকভাবে ইতিবাচক অগ্রগতি অর্জন করছে। আর শি বলেন, বেইজিং-মস্কোর সম্পর্ক দ্রুত পরিবর্তনশীল বিশ্বে স্থিতিশীলতা ও নিশ্চয়তা জোগাচ্ছে।

এদিকে, এপেক সম্মেলনের শেষদিন বৃহস্পতিবার ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এই তিন শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানরা। যদিও বৈঠক থেকে বড় কোনো চুক্তি বা সমঝোতার সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকেরা।