জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন, তা নিয়ে চলছে অচলাবস্থা। এ অচলাবস্থার মূলে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য। কোনো প্রার্থীর বিষয়েই তারা একমত হতে পারছে না। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক ভোটেও কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে বেছে নেওয়া সম্ভব হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এখনো পর্যন্ত মহাসচিব পদে নির্বাচিত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। শুক্রবার তিনি ১০টি ভোট পেয়েছেন, যা এই পদে নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট। তবে নির্বাচিত হতে হলে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন– সবার সমর্থন পেতে হবে। এই পাঁচ দেশ থেকে দুটি ভোট গ্রিনস্প্যানের বিপক্ষে গেছে।
মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়ায় ১০০ দিনের বেশি সময় ধরে ভোট চলছে। এটি জাতিসংঘের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা মহাসচিব নির্বাচনপ্রক্রিয়া। গুতেরেসের দ্বিতীয় মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। নতুন মহাসচিব নির্বাচনে আগামী সপ্তাহে আবারও ভোট হওয়ার কথা রয়েছে।
কোন দুই স্থায়ী সদস্য গ্রিনস্প্যানের বিরোধিতা করছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, দেশ দুটি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পরবর্তী ভোটের দিনে তাদের আপত্তি কাটিয়ে উঠতে পারলে গ্রিনস্প্যান হবেন জাতিসংঘের প্রথম নারী মহাসচিব।
সবশেষ ভোটে দ্বিতীয় অবস্থানে ছিলেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি। তিনি আটটি ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশ তাঁর বিরুদ্ধে ‘অসমর্থনসূচক’ ভোট দিয়েছে।
মহাসচিব পদের দৌড়ে নাম লিখিয়েছেন আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবেহ। তিনি সাতটি ‘সমর্থনসূচক’ ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে তিনটি দেশ তাঁর বিপক্ষে ভোট দিয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন কার্যত লানা নুসেইবেহর নির্বাচিত হওয়া আটকে দিয়েছে।