সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ২০

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল সোমালিল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েকদিনের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক।

সোমালিল্যান্ডের পূর্বাঞ্চলে লাসকানুদে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের লড়াই চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লাসকানুদ সুল অঞ্চলের প্রশাসনিক রাজধানী। অঞ্চলটি নিয়ে সোমালিল্যান্ড ও পার্শ্ববর্তী পুন্টল্যান্ডের মধ্যে বিরোধ আছে। পুন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল।

শহরটির নিয়ন্ত্রণ পুন্টল্যান্ডের হাতে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, শহরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছে সোমালিল্যান্ডের নিরাপত্তা বাহিনী।

সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত খুব বেশি দেশের স্বীকৃতি পায়নি। অঞ্চলটি তুলনামূলক শান্তিপূর্ণ, অন্যদিকে সোমালিয়া গত তিন দশক ধরে গৃহযুদ্ধে বিপর্যস্ত।

পুন্টল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট আহমেদ এলমি ওসমান কারাশ সহিংসতার জন্য সোমালিল্যান্ডের নিরাপত্তা বাহিনীকে দুষছেন। তিনি বলছেন, 'সোমালিল্যান্ডের সেনাবাহিনী যা করেছে, তা হচ্ছে বেসামরিকদের নির্বিচারে হত্যা,'

এ প্রসঙ্গে মন্তব্যের জন্য রয়টার্স সোমালিল্যান্ড সেনাবাহিনীর ঊর্ধ্বতন কমান্ডার মাহাদ আমবাশি এলমিকে ফোন করলেও তিনি তা ধরেননি।

/আর.এম/