তীব্র গরমে ভারতের পশ্চিমবঙ্গের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
গতকাল রোববার পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত কয়েক দিন ধরে শিশুরা স্কুল থেকে ফেরার পর তীব্র গরমের কারণে মাথা ব্যাথা ও অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে। এজন্য রাজ্যের সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।'
এ সময় তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও এই নির্দেশ মেনে চলার আহ্বান জানান।
মূখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যের শিক্ষা বিভাগ জানায়, পাহাড়ি এলাকা ব্যতীত রাজ্যের সকল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান আগামী শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।
এদিকে ভারতের মহারাষ্ট্রে তীব্র গরমের ভেতর খোলা ময়দানে একটি সরকারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার প্রদেশটির নাভি মুম্বাইয়ে অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে।
মহারাষ্ট্রের উপমূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ জানান, রোববার 'মহারাষ্ট্র ভূষণ পুরস্কার' বিতরণী অনুষ্ঠানে খোলা ময়দানে যারা বসেছিলেন, তাদের ভেতর হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া তীব্র গরমের কারণে ভারতের পাঁচটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। পশ্চিমবঙ্গ, বিহার ও অন্ধ্রপ্রদেশে আগামী পাঁচ দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। এ ছাড়া পাঞ্জাব ও হরিয়ানায় আগামী দুই দিনের জন্য তাপদাহের সতর্কতা জারি করা হয়েছে।