ভারতের ওড়িশা প্রদেশে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৮ জন।
গতকাল রোববার মধ্যরাতে ওড়িশার গঞ্জাম জেলার দিগাপাহান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আজ সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রোববার রাত প্রায় ১ টার দিকে বেরহামপুর থেকে ফিরে আসা একটি বেসরকারি বাস আসছিল। অন্যদিকে রায়গড়া জেলার গুদারি থেকে আসা ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ওএসআরটিসি) সঙ্গে সংঘর্ষে হয়। এতে ১০ জন নিহত হন। আহত হন অনেকে।
গঞ্জামের জেলা ম্যাজিস্ট্রেট দিব্য জ্যোতি পারিদা জানান, দুই বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে এমকেসিজি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলমান আছে। আমরা আহতদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।