টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার, মিলতে পারে দেহাবশেষ

পাঁচ যাত্রীসহ ধ্বংস হওয়া সাবমেরিন টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ধ্বংসাবশেষে পর্যটকদের দেহাবশেষ মিলতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড।

কোস্টগার্ড এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এর আগে স্থানীয় সময় বুধবার সকালে কানাডার সেন্ট জন’স পোতাশ্রয়ে দেশটির পতাকাবাহী একটি জাহাজ থেকে এসব ধ্বংসাবশেষ ক্রেনের সাহায্যে ট্রাকে তোলা হয়।

কর্মকর্তারা বলছেন, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে টাইটানের ল্যান্ডিং ফ্রেম ও রিয়ার কভারও আছে।

কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়, ধ্বংসাবশেষ থেকে পাওয়া সম্ভাব্য দেহাবশেষগুলো মার্কিন চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করে দেখবেন।

টাইটান ধংষের কারণ অনুসন্ধান করছে কোস্ট গার্ডের মেরিন বোর্ড অফ ইনভেস্টিগেশন (এমবিআই)। ধ্বংসাবশেষগুলোর অনুসন্ধান প্রাথমিক পর্যায়ে রয়েছে। আরও বিশ্লেষণ এবং পরীক্ষার জন্য মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে৷

এমবিআইয়ের প্রধান ক্যাপ্টেন জেসন নিউবাউয়ার এক বিবৃতিতে বলেন, টাইটানের বিপর্যয়কর ক্ষয়ক্ষতির কারণগুলো বোঝার জন্য এবং এ রকম দুর্ঘটনা আবার যাতে না ঘটে তা নিশ্চিত করতে।

উল্লেখ্য, গত ১৮ জুন টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে আটলান্টিকের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী চাপে বিস্ফোরিত হয় সাবমেরিন টাইটান। এতে থাকা পাঁচ পর্যটকের সবাই নিহত হন।