নভেম্বরে অপহৃতদের বাকি ১৩০ নাইজেরিয়ান স্কুলশিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গত মাসে নাইজার রাজ্যের একটি ক্যাথলিক স্কুল থেকে তাঁদের অপহরণ করা হয়েছিল। খবর রয়টার্সের।
‘সন্ত্রাসীদের দ্বারা অপহৃত বাকি ১৩০ জন স্কুলশিক্ষার্থী এখন মুক্ত। তারা সোমবার মিন্নায় পৌঁছাবে এবং বড়দিন উদযাপনের জন্য আবার বাবা–মায়ের সঙ্গে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।’ এক্সে দেওয়া এক পোস্টে বলেন প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা।
তিনি আরও বলেন, স্কুলশিক্ষার্থীদের মুক্তি সামরিক–গোয়েন্দা পরিচালিত অভিযানের মাধ্যমে সম্ভব হয়েছে।
২১ নভেম্বর ভোরে পাপিরি গ্রামের সেন্ট মেরিজ ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে বন্দুকধারীরা দুই শতাধিক শিক্ষার্থী এবং ১২ জন কর্মীকে অপহরণ করে নিয়ে যায়।
ওনানুগা বলেন, এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মোট সংখ্যা ২৩০ জন।
এই অপহরণের ঘটনায় উত্তর নাইজেরিয়ার নিরাপত্তাহীনতা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সেখানে সশস্ত্র দলগুলো প্রায়ই মুক্তিপণের জন্য স্কুলকে লক্ষ্যবস্তু করে। ২০১৪ সালে বোকো হারাম জঙ্গিরা চিবোক থেকে ২৭৬ জন ছাত্রীকে অপহরণের পর থেকে দেশটিতে স্কুলে হামলা ও অপহরণের ঘটনা বেড়ে যায়।