জনপ্রিয়তায় ট্রাম্পের থেকে আরও পিছিয়ে পড়লেন বাইডেন 

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে জনপ্রিয়তায় আরও পিছিয়ে পড়লেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় বাইডেনের জব এপ্রুভাল হার এখন ১৯ পয়েন্ট কম। বড় সংখ্যক আমেরিকান বলেছেন, বাইডেন প্রশাসনের অধীনে তাদের জীবনযাত্রার অবস্থা আরও খারাপ হয়েছে। 

এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের যৌথ জরিপ বলছে, ৪৪ শতাংশ আমেরিকান মনে করেন, বাইডেনের শাসনামলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। ১৯৮৬ সালের পর থেকে দেশটিতে আর কোনো প্রেসিডেন্টের প্রতি এত মানুষ এমন অভিযোগ করেননি।

জরিপের ৫৬ শতাংশ অংশগ্রহণকারী প্রেসিডেন্টে হিসেবে বাইডেনের পারফরম্যান্সে অসন্তোষ জানিয়েছেন। তাঁর প্রতি সন্তুষ্ট মাত্র ৩৭ শতাংশ মানুষ। বাইডেনের আর্থিক নীতির প্রতি সমর্থন জানানো মানুষের সংখ্যা মাত্র ৩০ শতাংশ। সবমিলিয়ে মাত্র ২০ শতাংশ অংশগ্রহণকারী বাইডেনের সার্বিক কর্মকাণ্ডে জোরালো সমর্থন জানিয়েছেন। আর চরম অসন্তোষ প্রকাশ করেছেন ৪৫ শতাংশ মানুষ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেনের বয়সকে সমস্যা মনে করছেন ৭৪ শতাংশ আমেরিকান। 

অপরদিকে জরিপে জো বাইডেনের ঠিক বিপরীত চিত্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ২০২১ সালের জানুয়ারিতে তিনি যখন ক্ষমতা ছাড়েন, তখন তাঁর কাজে সন্তুষ্ট ছিলেন মাত্র ৩৮ শতাংশ আমেরিকান। কিন্তু বর্তমানে ৪৮ শতাংশ বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের পারফরম্যান্স ভালো ছিল।

২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। জরিপে ৫১ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, নির্বাচনে তাঁরা ট্রাম্পকে সমর্থন দেবেন। আর বাইডেনের পক্ষে কথা বলেছেন মাত্র ৪২ শতাংশ মানুষ। সে হিসেবে ট্রাম্পের থেকে প্রায় ১০ পয়েন্ট পিছিয়ে পড়েছেন বাইডেন। এর আগের জরিপে দুজনের জনপ্রিয়তা ব্যবধান ছিল মাত্র ১ পয়েন্ট।