লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে স্মার্ট বলে মন্তব্য করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের হামলার জন্য অপ্রস্তুত ছিলেন বলেও সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার রাতে একটি টেলিভিশন সাক্ষাত্কারে এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্টের এসব মন্তব্য লজ্জাজনক ও ভয়ঙ্কর বলে জানিয়েছে হোয়াইট হাউস ও ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী শ্লোমো করহি ট্রাম্পের সমালোচনা করে বলেন, আমেরিকার একজন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। তাঁর এ মন্তব্য ইসরায়েলি বাহিনী ও নাগরিকদের মনোবল দুর্বল করতে পারে।
হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ট্রাম্পের এ মন্তব্য অত্যন্ত ভয়ঙ্কর ও ভারসাম্যহীন। এটি মার্কিন নাগরিকদের জন্য অত্যন্ত কলঙ্কজনক।
এ ছাড়া ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার প্রতিদ্বন্দ্বিতায় থাকা রিপাবলিকান নেতারাও ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্প একটি বিবৃতি প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকার থেকে ভালো বন্ধু বা মিত্র ইসরায়েলের আর কেউ ছিল না।