ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দিলেন মার্কিন সেনা

আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে এক মার্কিন সেনা নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল রোববার দুপুর ১টার দিকে ওই সেনাসদস্য ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দেন। খবর পাওয়ামাত্র উদ্ধারকর্মীরা দ্রুত সেখানে ছুটে যান এবং তার শরীরের আগুন নেভান। ততক্ষণে তিনি অনেকটাই দগ্ধ হয়ে পড়েন।

জরুরি উদ্ধারকর্মীরা বলেন, দগ্ধ সেনাসদস্যের শরীরের অনেকটাই পুড়ে গেছে। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ওয়াশিংটন পুলিশ এখনও ওই সেনাসদস্যের নাম–পরিচয় প্রকাশ করেনি। প্রত্যক্ষদর্শীদের ধারনা, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ওই সেনাসদস্য নিজের শরীরে আগুন দিয়েছেন।

ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি শরীরে আগুন দেওয়ার সময় দূতাবাসের কেউ আহত হননি। তাঁরা কেউ ওই ব্যক্তিকে চেনেন না।

ওয়াশিংটন পুলিশ জানিয়েছে, কী কারণে ওই সেনাসদস্য নিজের শরীরে আগুন দিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী— দুই পক্ষই সেখানে বিক্ষোভ করছেন।

ইসরায়েলি দূতাবাসের সামনে এর আগেও আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গত ডিসেম্বরে এক ব্যক্তি আমেরিকার ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরের প্রেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ওই ব্যাক্তির কাছে ফিলিস্তিনের পতাকা পাওয়া গিয়েছিল।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫৩ জনকে জিম্মি করে। এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত উপত্যকায় ২৯ হাজারের ৬০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৭০ হাজার।