ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেওয়া মার্কিন সেনার মৃত্যু

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে শরীরে আগুন দেওয়া মার্কিন বিমান বাহিনীর সদস্য মারা গেছেন। 

স্থানীয় পুলিশ এবং বিমান বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে সোমবার এ সেনাকর্মকর্তার মৃত্যুর খবর জানানো হয়।

এর আগে রোববার স্থানীয় সময় দুপুর ১টায়, ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন ধরান তিনি। এ সময় স্বাধীন ফিলিস্তিন বলে চিৎকার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ জানিয়েছে, তার নাম অ্যারন বুশনেল। ২৫ বছর বয়সী এই ব্যক্তি টেক্সাসের সান আন্তোনিওর বাসিন্দা। অ্যারন বুশনেল নামের ওই ব্যক্তি মার্কিন বিমানবাহিনীর সক্রিয় সদস্য ছিলেন।

আমেরিকায় ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন ধরানোর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, ডিসেম্বরে জর্জিয়ায় ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন ধরান এক প্রতিবাদকারী। 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরে ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাসের সামনে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে। ইসরায়েল ও ফিলিস্তিনপন্থী— দুই পক্ষই সেখানে বিক্ষোভ করছেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও ২৫৩ জনকে জিম্মি করে। এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত উপত্যকায় ২৯ হাজারের ৬০০ মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৭০ হাজার।