ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধবিরতির দাবিতে স্থানীয় সময় শনিবার আমেরিকার ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই আন্দোলনে এসে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে প্রায় ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাশাপাশি ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। এই হামলার জবাবে ওইদিনই গাজায় বোমা হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এর কিছুদিনই পর শুরু হয় স্থল অভিযান; যা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের হামলায় গাজায় প্রাণ হারিয়েছে প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি।
এদিকে গাজার পাশাপাশি বর্তমানে লেবাননেও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। দেশটির এই আগ্রাসনের বিরুদ্ধে ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে হাজারের বেশি মানুষ। তাঁদের দাবি, ইসরায়েলকে সামরিক ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে হবে আমেরিকাকে।
ফিলিস্তিনি ইয়ুথ মুভমেন্টের সংগঠক জায়েদ খতিব এএফপিকে বলেছেন, মার্কিন সরকার সত্যিই দেখিয়েছে যে, এটি ইতিহাসের কোন দিকে রয়েছে। মার্কিন সরকার এই শতাব্দীর সবচেয়ে খারাপ নৃশংসতাকে সহায়তা করছে। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়াদের হাতে ফিলিস্তিন ও লেবাননের পতাকা দেখা গেছে।
এদিকে আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ওই ব্যক্তি তাঁর বাম হাতে আগুনে ধরিয়ে দেন। পরে পুলিশ ও বিক্ষোভকারীরা তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তারা পানি ও ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়াহ দিয়ে আগুন নিভিয়ে দেয়।
ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি সাংবাদিক এবং আমরা ভুল তথ্য ছড়িয়ে যাচ্ছি।’