ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চান পুতিন, চলছে আয়োজন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চান। ইতিমধ্যে বৈঠকের আয়োজন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প নিজেই এসব তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে রিপাবলিকান গভর্নরদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সে সময় তিনি বলেন, ‘রুশ প্রেসিডেন্ট বৈঠক করতে চান। এ জন্য আমরা আয়োজন শুরু করেছি।’

আর মাত্র ১০ দিন পর দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের ঘোষণা দিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ে তিনি বলেছিলেন, ক্ষমতায় গেলে তিনি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করবেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া।

গতকাল ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যাক্ত করে বলেন, ‘আমরা অবশ্যই ওই যুদ্ধের (ইউক্রেন যুদ্ধ) অবসান ঘটাব। এ এক রক্তপাত।’

তবে ট্রাম্পকে কখনোই ইউক্রেনে যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তির সুনির্দিষ্ট প্রস্তাব দিতে দেখা যায়নি। তিনি বরাবর ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাঠানো নিয়ে সমালোচনা করেছেন।

এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ট্রাম্পকে বরাবর ব্যঙ্গ করেছেন। এমনকি জেলেনস্কিকে তিনি ‘বিক্রয়কর্মী’ বলেও সম্বোধন করেছেন। তবে রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ট্রাম্প কখনোই সমালোচনা করেননি। বরং বিভিন্ন সময়ে পুতিনের প্রশংসাই করতে দেখা গেছে ট্রাম্পকে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে দেশটিকে ৬ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সহায়তা নিয়ে ট্রাম্প সব সময় সমালোচনামুখর ছিলেন। এমনকি পশ্চিমা জোট ন্যাটোতে অব্যাহত অংশগ্রহণ নিয়েও প্রায়ই সমালোচনা করেন ট্রাম্প।