অফিস চলাকালে ট্রাম্পের ঘুমের ছবি ভাইরাল, যা বলছে হোয়াইট হাউস

ওভাল অফিসে এক অনুষ্ঠানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। অনেকে দাবি করছেন, ট্রাম্প হয়তো অনুষ্ঠানের মাঝেই ঘুমিয়ে পড়েছিলেন। তবে এর বিরোধিতা করেছে হোয়াইট হাউস। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার আলোচিত ওজন কমানোর ওষুধের দাম কমানোর ঘোষণা দেওয়ার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। স্বাস্থ্য সচিবের বক্তব্যের সময় ট্রাম্প ঝিমুচ্ছিলেন, এমন ছবি ও ভিডিও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

গতকাল শনিবার থেকে ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা যায়, ট্রাম্প কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে আছেন, কখনো আবার চোখ খোলা রাখতে কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে। মাঝে মাঝে তিনি চোখ ঘষছিলেনও।

এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ট্রাম্পবিরোধীরা বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেন। ভাইরাল হওয়া ছবির বিষয়ে ট্রাম্পের বিরোধীরা প্রশ্ন তুলেছেন– তিনি কি অফিসে দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে পড়েছিলেন? ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস তাদের এক্স অ্যাকাউন্টে ছবি পোস্ট করে লিখেছে, ডজি ডন ইজ ব্যাক (ঘুমন্ত ডন ফিরে এসেছে)।

এ বিষয়ে হোয়াইট হাউজের মুখপাত্র টেলর রজার্স বলেন, ‘প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না। তিনি অনুষ্ঠানে বক্তব্যও দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস, হৃদরোগ ও স্থূলতায় ভোগা লাখো মানুষের ওষুধের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে।’

ট্রাম্প নিয়মিত জনসমক্ষে হাজির হন এবং প্রায়ই সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। তাঁর সহযোগীরা বলছেন, প্রেসিডেন্ট রাতদিন কাজ করেন এবং বিভিন্ন সময়ে ফোনকল বা বার্তা পাঠান।